Home » মেট্রোর কাছে ক্ষতিপূরণের দাবি কলকাতা পুরসভার

মেট্রোর কাছে ক্ষতিপূরণের দাবি কলকাতা পুরসভার

সময় কলকাতা ডেস্কঃ নির্মীয়মাণ জোকা বিবাদিবাগ মেট্রো স্টেশনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ডায়মন্ড হারবার রোডের নিকাশি ব্যবস্থা। ভূগর্ভস্থ পাইপ লাইনগুলি রাতারাতি ফেটে গিয়েছে। সে কারণেই মেট্রোর কাছে ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছে কলকাতা পুরসভা। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। যদিও ভূগর্ভস্থ পাইপ লাইন নিয়ে সঠিকভাবে কলকাতা পুরসভার তরফে কোনরকম তথ্য দেওয়া হয়নি বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। ইতিমধ্যেই পুরসভাকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার রোডের ধারে ওই এলাকায় নিকাশি ব্যবস্থা অত্যধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যত সেকারণেই মেট্রোর নির্মাণ কাজকেই দায়ী করেছে কলকাতা পুরসভা। ফলে নিকাশি বিভাগের পক্ষ থেকে ওই এলাকা মেরামতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়। আর তা নিয়েই আপত্তি তুলেছে কলকাতা মেট্রো।

 

কলকাতা মেট্রোর তরফে একটি অফিশিয়াল বিবৃতি দিয়ে ভূগর্ভস্থ নিকাশির ক্ষতির কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে,জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পের মধ্যে জোকা থেকে মোমিনপুর পর্যন্ত মেট্রোর লাইন মাটির উপর দিয়ে যাবে। সেই কাজ প্রায় শেষ হয়ে এসেছে। তবে মাঝেরহাটের পর থেকে এই মেট্রো লাইন মাটির নীচ দিয়ে যাবে। আর সেখানেই রয়ে গিয়েছে একাধিক জটিলতা। জানা গিয়েছে, মোমিনপুর থেকে খিদিরপুর হয়ে যে মেট্রো লাইন এসপ্ল্যানেড পর্যন্ত যাবে, সেখানেই একাধিক পাইপ লাইন রয়েছে। অভিযোগ, এই সম্পর্কে আগে থেকে কলকাতা পুরসভার কর্তৃপক্ষ কোনও তথ্য দেয়নি। ফলে মাঝেরহাট-মোমিনপুর-খিদিরপুর লাইনের নির্মাণকাজের সময় অজান্তেই ৩.৫ মিটার ব্যাসার্ধের তিনটি পাইপ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির জন্যই ২০২১ সালের মে মাসে কেএমসি-কে ৩ কোটি ৮ হাজার টাকা দেওয়া হয়েছে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের।

About Post Author