সময় কলকাতা ডেস্কঃ সুরাপ্রেমীদের জন্য দারুণ সুখবর। কেননা এবার থেকে মেট্রো স্টেশনেই মিলবে মদ। আরও বেশি করে মদ বিক্রি করার লক্ষ্যেই দিল্লি আবগারি দফতরের তরফে এমন পরিকল্পনা করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মেট্রো স্টেশনে ব্যাপক ভিড়ের কথা মাথায় রেখেই এবার স্টেশন চত্বরে খোলা হচ্ছে মদের দোকান। বদরাপুর, দ্বারকা, কারোলবাগ, রাজৌরি গার্ডেন এবং মুন্ডকা মেট্রো স্টেশনে মোট ৬ টি মদের ভেন্ডিং মেশিন খোলা হবে।
সরকারি উদ্যোগগুলি ইতিমধ্যেই অন্য স্টেশনগুলিতে মদের দোকান খোলার অনুমতির জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করছে। আধিকারিকের বক্তব্য অনুযায়ী, দিল্লির মেট্রো স্টেশনগুলিতে প্রতিদিন প্রচুর পরিমাণে লোক যাতায়াত করেন। যা কিনা মদ বিক্রির জন্য আদর্শ। আর বিক্রি বাড়লে খুব স্বাভাবিক ভাবেই রাজস্বও বাড়বে।
একটি রিপোর্টে দাবি করা হয়েছে, দিল্লি সরকারের আওতায় থাকা দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, দিল্লি স্টেট সিভিল সাপ্লাই কর্পোরেশন এবং দিল্লি কনজিউমারস কোঅপারেটিভ পাইকারি দোকান গুলিকে সেপ্টেম্বর মাসের মধ্যে শহর জুড়ে ৫০০ টি মদের দোকান খুলতে হবে।

অন্যদিকে বছর শেষ হওয়ার আগেই ২০০ টি মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে দিল্লিতে এই চার সংস্থাকে ৪৫০টি লাইসেন্স দেওয়া হয়েছে। এছাড়াও শহরে ৩৫০ টিরও বেশি মদের দোকান খোলা রয়েছে ওই চার সংস্থার। শীঘ্রই, ওই ছ’টি মেট্রো স্টেশন ছাড়াও অন্য মেট্রো স্টেশনগুলিতেও মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে আবগারি দফতরের।


More Stories
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০
তারাতলার কারখানার দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩