Home » কিভাবে দূর করবেন শিশুর বদভ্যাস, রইল কিছু টিপস

কিভাবে দূর করবেন শিশুর বদভ্যাস, রইল কিছু টিপস

সময় কলকাতা ডেস্ক: কিছুতেই বুঝে উঠতে পারছেন না কিভাবে শিশুর মত অভ্যাস ত্যাগ করাবেন? দাঁত দিয়ে নখ কাটা, আঙুল মুখে দেওয়া, পড়তে বসে পা নাচানো, ঠোঁট কামড়ানো, হাত না ধুয়ে খাবার মুখে দেওয়া- ছোটদের এমনতর নানা বদভ্যাসে বাবা-মায়েরা হামেশাই জেরবার হয়ে ওঠেন। ছোট বয়স থেকেই উচিত এমন বদভ্যাস দূর করা । এক্ষেত্রে বাবা-মায়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। শিশুর বদভ্যাস দূর করতে রইল কিছু টিপস

শিশুর বদভ্যাসের পেছনের কারণটা খুঁজে বের করুন। দেখতে খারাপ লাগলেও, শিশুরা বদভ্যাস থেকে এক ধরণের শান্তি বা আরাম পায়, সেইজন্যই বারবার নিষেধ করার পরও ওরা এগুলো থেকে বের হতে পারে না।

শিশুরা অনেকসময় বড়দের নকল করে। তাই পরিবারে বড় কারো এমন কোনো বদভ্যাস থাকলে আগে নিজেদের সচেতন হতে হবে। প্রায় সব শিশুদের মধ্যেই একদম ছোট বয়সে আঙুল চোষা বা মুখে হাত দেওয়ার অভ্যাস থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই অভ্যাস একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায়। ওকে এমন কিছু খেলনা দিন যাতে ওর দুটো হাতই ব্যবহার করতে হয়। প্রয়োজনে শিশুর আঙুলে একটু করলার রস লাগিয়ে দিতে পারেন।

শিশুকে বারবার বদভ্যাস দূর করতে সতর্ক করবেন ঠিকই কিন্তু ওর দিকে অতিরিক্ত নজর দেবেন না। ‘ছি’, ‘নোংরা’ এই জাতীয় শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে অনেকসময় শিশু মজা পেয়ে আরও বেশি করে এই ধরণের কাজ করতে উৎসাহী হয়।

সারাদিনে শিশু যদি একবারও তার বদভ্যাসের কাজটা না করে তাহলে সেজন্য তাকে উপহার দিন। এতে ও বদভ্যাস দূর করতে আগ্রহী হয়ে উঠবে। শিশুকে বোঝাবেন, কিন্তু বকাঝকা বা মারধোর করবেন না।

About Post Author