সময় কলকাতা ডেস্ক: রাত পোহালেই মহালয়া, তারপর শ্রেষ্ঠ উৎসবে আনন্দে মাতবে বাঙালি। তবে আনন্দের মাঝে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ।
পূর্বাভাস বলছে, শনিবার পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। সকাল থেকেই রোদের দেখা মিলেছে। সঙ্গে রয়েছে কালো মেঘের আনাগোনাও। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। আপাতত অপরিবর্তিত থাকবে তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সব জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে।

অন্যদিকে, উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস । রবিবার হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। বেশ কয়েকদিন দিনের তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!