Home » মেহতাব হোসেনকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক

মেহতাব হোসেনকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক

সময় কলকাতা ডেস্কঃ এবার রূপোলি পর্দায় দেখা যাবে ফুটবল মাঠের গল্প। ফুটবল মাঠের অন্যতম তারকা মেহতাব হোসেনের জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ‘ মেহতাব’। এই প্রথম কোন ফুটবলারকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শুভজিৎ মিত্র। আর পরিচালনা করবেন বাপ্পা। সঙ্গীত পরিচালনার দায়িত্বে প্রাঞ্জল দাস। ধাগা প্রযোজনা সংস্থার তরফ থেকে তৈরি হচ্ছে মেহতাব হোসেনের বায়োপিক ‘মেহতাব’।

ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের মাঠে এই ছবির প্রথম লুক প্রকাশ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই এই বায়োপিক মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এই ছবিতে কারা কারা থাকবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

এ প্রসঙ্গে মেহতাব জানান, ‘বাংলা থেকে ফুটবল হারিয়ে যাচ্ছে। আমি সত্যিই ভাগ্যবান যে আমার বায়োপিক তৈরি হয়েছে। মেহতাব মানেই বিতর্ক। আমার ইস্টবেঙ্গল ক্লাবে থাকা থেকে শুরু করে ক্লাব থেকে চলে যাওয়া, সেই সমস্ত গল্পই উঠে আসবে পর্দায়। কেন আমি মোহনবাগানে গিয়েছিলাম বা যেতে বাধ্য হয়েছিলাম, সেই সমস্ত গল্পই উঠে আসবে রূপোলি পর্দায়। আশা করি মানুষের ভালো লাগবে।’

প্রত্যেকেই এই ছবির ভাবনাকে স্বাগত জানিয়েছেন। বাংলায় ফুটবলকে ভিত্তি করে বহু গল্প-উপন্যাস লেখা হয়েছে, সিনেমাও তৈরি হয়েছে। কিন্তু বড় পর্দায় ফুটবলারের বায়োপিক এই প্রথমবার হতে চলেছে। সেদিক থেকে বলা যেতেই পারে মেহতাব বাংলা বায়োপিক তৈরিতে মাইলস্টোন হয়ে থাকবে।

About Post Author