সময় কলকাতা ডেস্কঃ ফের অসুস্থ দীপিকা পাড়ুকোন। সোমবার রাতে অভিনেত্রীকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। সূত্রের খবর, সোমবার শ্যুটিং চলাকালীন আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন দীপিকা পাড়ুকোন। শরীরে অস্বস্তি বোধ করায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, একাধিক টেস্ট করানো হয়েছে অভিনেত্রীর। বর্তমানে চিকিৎসদের কড়া নজরে রয়েছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে দীপিকার দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর অনুরাগীরা।
এর আগে চলতি বছরের জুন মাসেই হায়দ্রাবাদে প্রভাসের সঙ্গে প্রোজেক্টকে শ্যুটিংয়ের সময়ও আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সেসময় আচমকা তাঁর ‘হৃদস্পন্দন’ বেড়ে যায়। এরপরেই তাঁকে হায়দ্রাবাদের কামিনেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পরে সামান্য চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কয়েকমাসের ব্যবধানে ফের অভিনেত্রীর এমন অসুস্থতাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে।

শীঘ্রই বেশ কয়েকটি ছবিতে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে। গত বছরই ‘পাঠান’ ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি। এই ছবিতে শাহরুখ খান, জন আব্রাহামকে দেখা যাবে। অন্যদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ ছবিতেও অভিনয় করছেন দীপিকা। এছাড়াও আরও বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর হাতে। দীপিকা পাড়ুকোনকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘গহেরাইয়াঁ’ ছবিতে। যদিও এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ছবিটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে