Home » আজ ফের আদালতে মানিক ভট্টাচার্য

আজ ফের আদালতে মানিক ভট্টাচার্য

সময় কলকাতা ডেস্ক: জেল হেফাজতের মেয়াদ শেষে আজ ফের আদালতে মানিক ভট্টাচার্য। শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টে জামিনের আবেদন জানাবে প্রাক্তন পর্ষদ সভাপতির আইনজীবী। শুক্রবার জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে মানিক ভট্টাচার্যের। প্রেসিডেন্সি জেলের ৭ নম্বর সেলে রয়েছেন তিনি। ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। উল্লেখ্য, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছিল। রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন তিনি।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার কেন্দ্রীয় তদন্তকারী দলের নজরে এসেছে মানিকের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আদালতে পেশ করা রিমান্ড অ্যাপ্লিকেশনে ইডির দাবি, মানিক ভট্টাচার্যের আত্মীয়দের নামে বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তারা। মানিকের আত্মীয়র সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাতে ৮ কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। কিন্তু এই টাকার উৎস কী, তার তদন্তে নেমেছেন তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থা আগেই দাবি করেছিল, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের অ্যাকাউন্টে মিলেছে ২ কোটি ৬৮ লাখ টাকা। সেই বিষয়টি সম্পর্কেও জানতে চান তদন্তকারীরা।

About Post Author