Home » কাঁকিনাড়া বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ১

কাঁকিনাড়া বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ১

সময় কলকাতা ডেস্কঃ কাঁকিনাড়া বোমা বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়। এই বোমা কাণ্ডের ঘটনার তিন দিনের মাথায় ধৃত এক দুষ্কৃতী। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতেই শিবা চৌধুরী ওরফে কালু নামের স্থানীয় এক যুবককে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত,মঙ্গলবার কাঁকিনাড়া স্টেশনের কাছে প্রেমচাঁদনগরের লাইন ধারে একটি বোমাকে বল ভেবে খেলতে গিয়েছিল ছয় বছরের চিকু পাসওয়ান। সেই সময়ই ঘটে যায় বিপত্তি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। অন্যদিকে এই ঘটনায় গুরুতর আহত হয় ১১ বছরের মহেশ সাউ নামের অপর এক শিশুর। বিস্ফোরণে কারণে তার একটি হাত গুরুতর জখম হয়েছে বলেই জানা গিয়েছিল। মর্মান্তিক এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরই অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছিল ভাটপাড়া থানার পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, ‘যত শীঘ্র সম্ভব জগদ্দল এলাকার জুয়ার ঠেকগুলিকে বন্ধ করতে হবে। এর আগেও রেল লাইনে বোমা পাওয়া গিয়েছিল। বোমা রেখে অনেকেই জুয়া খেলতে যায়। এই জুয়ার ঠেকগুলোকে আগে বন্ধ করে দেওয়া হলে এলাকা থেকে অপরাধমুক্ত করা সম্ভব হবে। পাশাপাশি এলাকাবাসীর কাছে অনুরোধ শিশুদেরকে কড়া নজরে রাখুন।’

About Post Author