Home » আসছে টুইটারের একগুচ্ছ নয়া ফিচার

আসছে টুইটারের একগুচ্ছ নয়া ফিচার

সময় কলকাতা ডেস্ক: এবার থেকে ভেরিফাইড টুইটার হ্যান্ডেল আর বিনামূল্যে মিলবে না। অর্থাৎ ব্লু টিক পেতে গেলে টাকা দিতে হবে। তারপরেই রবিবার টুইটারের একগুচ্ছ নয়া ফিচারের কথা ঘোষণা করলেন মাস্ক। পাশাপাশি জানালেন, ভারতে কবে থেকে কার্যকর হবে নয়া ব্লু টিক পরিষেবা।

তিনি জানিয়েছেন, এক মাসের মধ্যেই নতুন ব্লু টিক পরিষেবা পাবেন ভারতের টুইটার ব্যবহারকারীরাও। তবে তা যে বিনামূল্যে মিলবে না। এখন থেকে ভেরিফায়েড টুইটার হ্যান্ডল পেতে গেলে প্রতি মাসে ৭.৯৯ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৬০০ টাকা খরচ করতে হবে। এই মুহূর্তে নতুন এই ভেরিফিকেশন সিস্টেমের সুবিধা পাচ্ছেন শুধুমাত্র ইউনাইটেড কিংডম, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীরা। তবে মাসখানেকের মধ্যেই ভারতীয়রা এই পরিষেবার আওতায় এসে যাবেন বলে জানিয়েছেন এলন মাস্ক। তিনি জানান, দ্রুত মাইক্রোব্লগিং সাইটটিতে আসতে চলেছে এমন একটি নতুন ফিচার, যার সাহায্যে বড় পোস্ট টুইটের সঙ্গে জুড়ে দেওয়া যাবে।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতে যান মাস্কও। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে, আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।

About Post Author