সময় কলকাতা ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর পর এবার ইডি-র নজরে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী। মঙ্গলবার প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে ম্যারাথন জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বের হন মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তিনি জানান, তাঁর বাড়ি থেকে সিজ করা নথিপত্র খতিয়ে দেখেই বেশ কিছু প্রশ্ন করা হয়ছে তাঁকে। তাঁকে আবারও নোটিশের মাধ্যমে ইডি ডাকতে পারে বলেই জানিয়েছেন তৃণমূল বিধায়ক।

নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসতেই পরেশ অধিকারীর মেয়ের অঙ্কিতা অধিকারীর নাম উঠে আসে। প্রভাব খাটিয়ে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অঙ্কিতাকে নিয়োগ করা হয়েছিল,এমনটাই অভিযোগ উঠেছিল পরেশ অধিকারীর বিরুদ্ধে। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পরেশ কন্যার চাকরিও খোয়া যায়। এমনকী দুই কিস্তিতে বেতনের সমস্ত টাকা তাঁকে ফেরতও দিতে হয়। আর এই অভিযোগ ওঠার পরই মন্ত্রিত্ব পদ খোয়ান পরেশ অধিকারী।

এই ঘটনারই কিছুদিন পর জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের সামনে পরেশ অধিকারী জানিয়েছেন কন্যার নিয়োগ সংক্রান্ত তালিকা প্রকাশের কালে তিনি মন্ত্রী ছিলেন না। অভিযোগ পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায় ছিল না। অভিযোগ, বাম আমলের খাদ্য মন্ত্রী পরেশ অধিকারী তৃণমূলে যোগ দিতেই রাতারাতি প্যানেলের এক নম্বরে নাম উঠে আসে অঙ্কিতা অধিকারীর নাম।তা নিয়ে হইচই হয়। তথাপি বাড়ির কাছেই মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে চাকরিও পেয়ে যান অঙ্কিতা। এনিয়ে বিস্তর জলঘোলা হওয়ার মধ্যেই মামলা দায়ের করেন আর এক চাকরি প্রার্থী ববিতা সরকার। অবশেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরেশ অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিলে সিবিআই দপ্তরে হাজিরা দিতে না পারলেও মেয়েকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন পরেশ বাবু। জলপাইগুড়ি থেকে ট্রেনে ওঠার সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিচারাধীন বিষয়ের কথা বলে সুকৌশলে এড়ানোর চেষ্টা করেন।যদিও পরোক্ষে আত্মপক্ষ সমর্থনে তিনি জানিয়েছেন, যে সময়ে এই নিয়োগ হয়েছে সেই সময় তিনি মন্ত্রী বা এমএলও ছিলেন না।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র