সময় কলকাতা ডেস্কঃ আর কয়েক দিনের মধ্যেই জাঁকিয়ে শীত প্রবেশ করবে রাজ্যে। ভোর এবং রাতের দিকে হালকা ঠাণ্ডা অনুভূতি শিহরণ জাগাচ্ছে। শীতপ্রেমী বাঙালি এই আবহাওয়া বেশ উপভোগ করছে। তবে এর মাঝেই পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বেশ জাঁকিয়ে বসবে শীত, বলে মনে করছে হাওয়া অফিস।
পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার আংশিক পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৭ শতাংশ। নভেম্বরে শুরু থেকেই হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।
দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। জেলায় শীতের আমেজ বজায় থাকবে। তবে শীত উপভোগ করতে এখনো বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে শীত প্রেমী বাঙালিকে। শনিবার পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুকনো ।উত্তরবঙ্গে আগামী তিন দিন বৃষ্টি নেই বলেই জানা গিয়েছে। শনিবারের পর সামান্য হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলা এবং উত্তরবঙ্গে দুই ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। শুষ্ক পরিবেশ বজায় থাকবে এখনও বেশ কয়েকদিন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!