Home » দ্রাবিড়কে এত বিশ্রাম কেন? প্রশ্ন ‘ক্ষুব্ধ’ শাস্ত্রীর

দ্রাবিড়কে এত বিশ্রাম কেন? প্রশ্ন ‘ক্ষুব্ধ’ শাস্ত্রীর

সময় কলকাতা ডেস্কঃ নিউজিল্যান্ড সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়ার পর এই প্রথম মাঠে নামতে চলেছে মেন ইন ব্লু। যদিও এই সিরিজে একঝাঁক তারকাকে বিশ্রামে রাখা হয়েছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে একটি তরুণ দলকে পাঠানো হয়েছে নিউজিল্যান্ড সফরে। বিশেষজ্ঞদের মতে আগামীদিনে এই তরুণদের নিয়েই তৈরী হবে দল। শুধু অভিজ্ঞ ক্রিকেটার নয় এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে। তার বদলে দলের সঙ্গে গিয়েছেন আর এক কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষণ। যদিও দ্রাবিড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে বেজায় চটেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শাস্ত্রীর দাবি, তিনি কোনও কোচকে ঘনঘন বিশ্রাম নিতে দেখেন নি। প্রসঙ্গত জিম্বাবোয়ে সিরিজের আগেও বিশ্রামে গিয়েছিলেন রাহুল।


রবি শাস্ত্রী সরাসরি রাহুল দ্রাবিড়ের উদ্দেশ্যে বলেছেন, ‘ আমি সাপোর্ট স্টাফটের বিরতি দেওয়ার পক্ষপাতি নই। যখন আইপিএল চলে তখন তারা দীর্ঘ বিশ্ৰাম পান। আমার মতে এই সময়টুকুই বিশ্রামের জন্য যথেষ্ট। একজন কোচের এত বিশ্রামের প্রয়োজন পড়ে কেন, আমি বুঝতে পারি না।একজন কোচ হিসাবে আমি তো আবার সমস্ত খেলোয়াড়দের সঙ্গে বেশি সময় কাটাতে চাইবো।’
রবি শাস্ত্রীর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। গতকাল ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ইঙ্গিত করেছিলেন এই সিরিজ থেকেই তাদের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে। অথচ সেই সিরিজ সিনিয়ার ক্রিকেটাররাই অনুপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন।

About Post Author