সময় কলকাতা ডেস্কঃ সুপার স্যাটারডে। বঙ্গ রাজনীতির ময়দানে মূল ভূমিকায় থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শান্তিকুঞ্জ থেকে ১০০ মিটার দূরে অভিষেকের সভা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় অভিষেকেরই লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে পাল্টা সভা শুভেন্দুর। কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সফল করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূলের নেতাকর্মীরা। প্রস্তুতি পর্বে যাতে এতটুকুও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে নাওয়া-খাওয়া ভুলেছেন কাঁথির তৃণমূলকর্মীরা। অন্যদিকে, জট কাটিয়ে শেষে আদালতের কাছে ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে সভা করার অনুমতি পান শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করার পর পূর্ব মেদিনীপুরে এই নিয়ে তৃতীয়বার আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, শনিবার দুপুর একটা নাগাদ কাঁথি শহরে পৌঁছবেন তিনি। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অভিষেকের সভাস্থল। নিরাপত্তা রক্ষায় সভাস্থলে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি। তৃণমূল কর্মীদের গাড়ির পার্কিং করার জন্য নির্দিষ্ট জায়গা ব্যবস্থা করে রাখা হয়েছে। সভার সামনের দিকে থাকছে দলীয় কর্মীদের প্রবেশ পথ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাঁর আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন,সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
অন্যদিকে কোর্টের নির্দেশে ইতিমধ্যেই ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শুভেন্দু অধিকারীর বাসভবন শান্তিকুঞ্জ সহ সভাস্থল। শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের অদূরে ১০০ মিটারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে যাতে এলাকায় কোনও অশান্তি না হয় তা নিয়ে যথেষ্ট সচেতন প্রশাসন। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। রাজ্য পুলিশের পাশাপাশি থাকছে স্পেশাল নিরাপত্তা রক্ষীও। শুক্রবার সকালেই শান্তিকুঞ্জের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছিলেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।


More Stories
শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন