Home » বিধ্বংসী অগ্নিকাণ্ড নিউটাউনে

বিধ্বংসী অগ্নিকাণ্ড নিউটাউনে

সময় কলকাতা ডেস্কঃ সোমবারের পর ফের মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তিলোত্তমায়। মঙ্গলবার সাতসকালে বিধ্বংসী আগুন লাগে নিউটাউনের গৌরাঙ্গ নগর বাজারে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৪ টি ইঞ্জিন। ১৮টিরও বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে,প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল অধিকারিকদের। ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ।শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ হঠাৎই আগুন লাগে নিউটাউনের গৌরাঙ্গ নগর বাজারে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। এরপরই বাগজোলা খাল পাড়ে পরপর ১৮টিরও বেশি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় দমকলে এবং নিউটাউন থানায়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন এবং নিউটাউন থানার পুলিশ। তবে,ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। দমকল কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে ঠিক কী কারণে এদিন আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। যদিও শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল অধিকারিকদের।

About Post Author