সময় কলকাতা ডেস্কঃ ২০২৩ এর প্রথমেই মেঘালয়ে বিধানসভা ভোট। ত্রিপুরার পাশাপাশি এবার মেঘালয়েও নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল। তার আগেই তৃণমূলের পালে হাওয়া লাগাতে সোমবার দু’দিনের মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর সঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর,মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয়ে সফরে একাধিক কর্মসূচি রয়েছে। এদিন শিলং পৌঁছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার স্থানীয় স্টেট সেন্ট্রাল লাইব্রেরির অডিটোরিয়ামে রয়েছে কর্মিসভা। সেখানে রাজনৈতিক বার্তা তুলে ধরবেন এবং মেঘালয়কে নতুন করে গঠনের ডাক দেবেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও স্থানীয় একটি প্রাক-বড়দিনের উৎসবে শামিল হওয়ার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই কয়েক দফায় সেখানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সংগঠনের কাজ সরেজমিনে দেখছেন তিনি। এই সফরে মমতা ও অভিষেকের সঙ্গে থাকবেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা এ রাজ্যের জলসম্পদমন্ত্রী মানস ভুঁইয়াও।

সামনেই ত্রিপুরার পাশাপাশি মেঘালয়েও বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, অভিষেক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা