Home » শুভেন্দু অধিকারীর রক্ষাকবচকে চ্যালেঞ্জ,মামলা দায়ের ডিভিশন বেঞ্চে

শুভেন্দু অধিকারীর রক্ষাকবচকে চ্যালেঞ্জ,মামলা দায়ের ডিভিশন বেঞ্চে

সময় কলকাতা ডেস্কঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনওরকম এফআইআর করা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল বিচারপতি আবু সোহেল। শুভেন্দু অধিকারীর রক্ষাকবচকে চ্যালেঞ্জকে জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি।

 

জানা গিয়েছে, মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইএর উপর গত ৮ ডিসেম্বর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। সেই নির্দেশকেই এবার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আবু সোহেল। মামলাকারীর দাবি, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি অন্যতম পক্ষ। তার বক্তব্য না শুনেই রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৬ মাসে ২৬টি এফআইআর দায়ের করে পুলিশ। এই একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আদালতে তাঁর আবেদন ছিল, হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানিতেই শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দেন বিচারপতি। এবার সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।

শুভেন্দু অধিকারীর আইনজীবী এ বিষয়ে জানান, ‘এ নিয়ে তৃতীয়বার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক এফআইআর হচ্ছে। যে কোনও বিষয়ে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হচ্ছে। যদিও আদালতের নির্দেশ ছিল, কোর্টের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না। হাইকোর্টের সেই নির্দেশ সুপ্রিম কোর্টও বহাল রেখেছিল।’

About Post Author