সময় কলকাতা ডেস্ক,১ জানুয়ারিঃ ম্যাঞ্চেস্টার ছেড়ে রিয়াদের পথে পা বাড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের নামী ক্লাব আল নাসেরে নাম লিখিয়েছেন সিআরসেভেন।

ক্লাবের তরফ থেকে ট্যুইট করে এই খবরের সরকারি সিলমোহর দেওয়া হয়েছে ইতিমধ্যে। ৩৭ বছরের পর্তুগিজ তারকা ফুটবলারকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ” ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। যেই অধ্যায় কেবলই ক্লাবের বৃহত্তর সমৃদ্ধিতে অনুপ্রাণিত করবে না, আমাদের লিগ(সৌদি প্রিমিয়ার লিগ), আমাদের জাতি ও আগামী প্রজন্মের ছেলে মেয়েদের চরিত্র গঠনে উদ্বুদ্ধ করবে। ক্রিস্টিয়ানো তোমাকে তোমার নতুন ঘরে স্বাগত।”

রোনাল্ডোকে বিশেষ ভাবে স্বাগত জানিয়েছেন ক্লাবের চেয়ারম্যান মুসাল্লি আল মুয়াম্মা। তিনি লিখেছেন, এই চুক্তি ক্লাবের ও লিগের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। আপনাকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত ক্রিস্টিয়ানো। কিন্তু ঠিক কত পরিমাণ অর্থের বিনিময়ে এশিয়ার ক্লাবে এলেন পর্তুগিজ মহাতারকা? অঙ্কটা নেহাতই কম নয়। সূত্রের খবর, বছরে ২০০ থেকে ২১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল নাসেরে খেলতে রাজি হয়েছেন সিআরসেভেন। ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৭৬ কোটি টাকা। অর্থাৎ প্রতিদিন প্রায় ৫ কোটি টাকা পাবেন রোনাল্ডো। রোনাল্ডোর সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে ক্লাবটির। ফুটবল জীবনের গোধূলি লগ্নে এসে মরুদেশের নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পাঁচ বারের ব্যালন ডি’অর বিজেতা।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়