সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, জানুয়ারি ৭:
হিরো আই এস এলে জয়ের ধারায় ফিরল বেঙ্গালুরু এফ সি। তারা শুক্রবার ২-১ গোলে হারাল আইএসএলে সবচেয়ে নিচে থাকা দল নর্থ ইস্ট ইউনাইটেডকে। খেলার সংযোজিত সময়ে বেঙ্গালুরুর হয়ে অ্যালেন কোস্তা জয়সূচক গোলটি করেন। এই জয়ের ফলে বেঙ্গালুরু ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলকে টপকে অষ্টম স্থানে উঠে এল। ১১ দলের টুর্নামেন্টে নর্থইস্ট ইউনাইটেড রয়ে গেল একাদশ স্থানেই। গত কয়েকটি ম্যাচে বেঙ্গালুরু আশানুরূপ ফল না করায় এদিন সতর্কভাবেই ম্যাচ শুরু করেছিল। নর্থইস্ট ইউনাইটেডও প্রথমার্ধে রক্ষণের কাজেই বেশি মনোযোগী ছিল। তবুও প্রথম ৪৫ মিনিটে দুই দলই একটি করে গোলের সুবর্ণ সুযোগ তৈরি করে এবং উভয় ক্ষেত্রে নিশ্চিত পতন রোধ করেন দু-দলের গোলরক্ষক গুরপ্রীত সিং ও মিরশাদ মিচু । ফলে প্রথম ৪৫ মিনিটে গোল হয়নি।দ্বিতীয়ার্ধে ব্যাঙ্গালুরু এফ সি তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করে এবং রয় কৃষ্ণার নেতৃত্বে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই গোল পেয়ে যান বেঙ্গালুরুর শিবাশক্তি। তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।ফিলিপোট্টুক্স পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক করে সমতায় ফেরান পাহাড়ি দলটিকে।গড়ানো শটে পরাস্ত হন বেঙ্গালুরুর গোলরক্ষক অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু। সংযোজিত সময়ের আগে সুনীল ছেত্রীর হেডার অবিশ্বাস্যভাবে রুখে দেন মিরশাদ মিচু। ৯০ মিনিটে খেলার ফল ১-১ থাকলেও সংযোজিত সময়ের ৬ মিনিটের দু মিনিট বাকি থাকতেই হেডে গোল করে এদিন নায়ক হয়ে যান অ্যালেন কোস্তা। শনিবার আইএসএলে দুটি ম্যাচ রয়েছে। একটিতে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে ওড়িশা এফসির, তার আগেই চেন্নাইয়ান এফসির মুখোমুখি হবে জামশেদপুর এফ সির।।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া