সময় কলকাতা, নিউজ ডেস্ক, ১২ জানুয়ারি: বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে ‘বন্দুক’ রাখার অনুমতিপত্র দিল দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মরক্ষার স্বার্থে নুপুরকে এই অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তার অভাব বোধ করে বন্দুক রাখার অনুমতি চেয়ে আবেদন করেন বিজেপির এই বিতর্কিত নেত্রী। বৃহস্পতিবার নূপুরের আবেদনে সাড়া দিয়ে সেই আবেদন মঞ্জুর করা হল।

মহানবী হজরত মুহাম্মদকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে সংবাদ শিরোনামে আসেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। নূপুরের মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় হয় দেশের রাজনীতি। রাস্তায় নেমে এই মন্তব্যের প্রতিবাদে সামিল হন সমাজের সর্বস্তরের মানুষ।

রাজধানীর পাশাপাশি বিভিন্ন রাজ্যে নূপুরের নামে এফআইআর দাখিল করা হয়। সেই আঁচ দেশের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ভারতের রাষ্ট্রদূতকে শমন করে নূপুরের বক্তব্য নিয়ে ভারত সরকারের অবস্থান জানতে চেয়েছিল কাতার। নূপুরের মন্তব্যের জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করে দল। সর্বভারতীয় মুখপাত্রের পদটিও হারান তিনি। এরপর থেকে লোকপ্রচারের অন্তরালে চলে গিয়েছিলেন দিল্লি বিজেপির এই দাপুটে নেত্রী।

অপরদিকে, নূপুরের বক্তব্যকে সমর্থন করে মহারাষ্ট্রের অমরাবতীতে খুন হন এক ওষুধের দোকানি। রাজস্থানের উদয়পুরেও হত্যা করা হয় এক দরজিকে। গত বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল বক্তব্যকে নিয়ে দেশে তৈরি হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য দায়ী একমাত্র নূপুরের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। পাশাপাশি মন্তব্যের জন্য দেশবাসীর উদ্দ্যেশে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ ন্যায়ালয়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?