সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারিঃ অবশেষে পুরুলিয়ার ঝালদা পুরসভার চেয়্যারম্যান নির্বাচনের দিন ঠিক হল। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ করে নির্দেশ দিলেন, আগামী ১৬ই জানুয়ারি ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন করতে হবে। ডিএম এর তত্ত্বাবধানে ও পুলিশ প্রশাসনের নজরদারিতে হবে নির্বাচন।
নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ ভিডিও গ্রাফি করতে হবে, নির্দেশ হাইকোর্টের। কাউন্সিলরদের নির্বাচনে অংশগ্রহণ করতে যাতে কোনও সমস্যা না হয় পুলিশকে তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে গত ২ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জবা মাছুয়াকে ঝালদা পুরসভার চেয়ারম্যান করার কথা। এদিন তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ঝালদায় নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছিল ত্রিশঙ্কু ফলাফল হয়। পরে নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গড়ে তৃণমূল। এরমধ্যেই খুন হয়ে যান কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। সেই তদন্ত এখনও চলছে। এর আগে নভেম্বরে ঝালদায় নির্দলে জিতে তৃণমূলে যাওয়া এক কাউন্সিলর শাসকদল ছাড়ার কথা ঘোষণা করার পরেই সংখ্যা সঙ্কট তৈরি হয়। এখন দেখার সোমবারের ভোটে কী হয়। এও দেখার শান্তিপূর্ণ ভোট করাতে প্রশাসন কতটা কড়া হতে পারে।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু