সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৭ জানুয়ারি: কবি লিখেছিলেন ‘শেষ হইয়াও হইল না শেষ।’ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার ফুটবলারদের বিতর্ক নিয়েও একই কথা বলা চলে।

ফাইনালের পর কেটে গিয়েছে অনেকগুলি দিন। কিন্তু আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে পক্ষে বিপক্ষে কথার লড়াই চলছেই। এবার সেই লড়াইয়ে নতুন নাম সুইডিশ ফুটবলার জ্লাটান ইব্রাহিমোভিচ। ফুটবল জগতে ঠোঁট কাটা বলে পরিচিত এই ফুটবলার এবার বলেই দিলেন, ‘আর্জেন্টিনা আর বিশ্বকাপ জিততে পারবে না।’ কিন্তু কেন এরকম মন্তব্য করলেন প্রাক্তন মেসির সতীর্থ?

প্রায় সাড়ে তিন দশক পর কাতারে বিশ্বকাপ ঘরে তোলে লাতিন আমেরিকার এই দেশ। ফাইনালে ফ্রান্সকে পরাস্ত করে লিওনেল স্কালোনির ছেলেরা। হাড্ডাহাড্ডি ম্যাচে ফরাসিদের পরপর দুবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার করে দেন আলভারেজ, দি মারিয়া, মেসিরা। ম্যাচ শেষে বাঁধন হারা উল্লাসে মাতেন নীল সাদা বাহিনী। এসময়ই আর্জেন্টিনার গোলরক্ষক ও কাতার বিশ্বকাপে সোনার দস্তানার মালিক এমিলিয়ানো মার্টিনেজ অশ্লীল অঙ্গভঙ্গি করেন।

এখানেই থেমে থাকেননি মার্টিনেজ । দেশে ফিরে ছাদখোলা বাসে শোভাযাত্রার সময়ও এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপ করেন আর্জেন্টিনা দলের এই গোলকিপার। মেসির সতীর্থদের এই উদযাপনে অনেকে দাম্ভিকতার ছাপ পেয়েছেন। সুইডিশ তারকা সেই অনেকের অন্যতম।

আর্জেন্টিনা দলের ফুটবলারদের এক হাত নিলেও, তিনি যে প্রাক্তন সতীর্থ মেসির প্রতি এখনও শ্রদ্ধাশীল তাও স্পষ্ট করে দিয়েছেন ইব্রা। তিনি বলেছেন, ‘সর্বকালের সেরা ফুটবলারের নাম লিওনেল মেসি। আমি আগেই বলেছিলাম, কাতার বিশ্বকাপে মেসির নাম লেখা রয়েছে। তবে আমি আর্জেন্টিনার অন্য ফুটবলারদের নিয়ে চিন্তিত। কারণ, ওরা আর কোনো খেতাব জিততে পারবে না। মেসিকে মানুষ মনে রাখবে। কিন্তু তাঁর দাম্ভিক সতীর্থদের মানুষ মনে রাখবেন না।”

পাশাপশি, ফ্রান্সের যুব ফুটবলার কিলিয়ান এমবাপের ভূয়সি প্রশংসা করেন ইব্রা। ইব্রার ভবিষ্যতবাণী, তিনি আগামী দিনে আরও বিশ্বকাপ জিতবেন।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়