Home » পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেলেন বাবর আজমরা

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেলেন বাবর আজমরা

সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারি:  ক্রিকেট  ম্যাচ চলাকালীনই বিস্ফোরণে কাঁপল স্টেডিয়াম। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালুচিস্তানে। রবিবার বালুচিস্তানের নবাব আকবর বুগতি স্টেডিয়ামে পিএসএলের প্রদর্শনী ম্যাচ চলছিল। ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশাওয়ার জালমি। সেই সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বাবর আজম থেকে শাহিদ আফ্রিদির মতো অতীত ও বর্তমানের তারকা ক্রিকেটারেরা। বালুচ অঞ্চলে পিএসএল ম্যাচ আয়োজনের জন্য অনেকদিন ধরেই দাবি তুলেছিলেন স্থানীয় ক্রিকেটপ্রেমীরা। সেই দাবিকেই ম্যান্যতা দিয়ে এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেই ম্যাচ চলাকালীনই স্টেডিয়াম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি ভয়াবহ বিস্ফোরণ হয়। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, সুপরিকল্পিতভাবে বিস্ফোরণটি ঘটিয়েছে সে দেশের নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান।

গোলা-গুলি বা  বোমা বিস্ফোরণ ভারতের পড়শী দেশে নতুন কোনও ঘটনা নয়। অভ্যন্তরীণ অশান্তির কারণে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে পাকিস্তানের নাম। তাই নিরাপত্তার স্বার্থে পাকিস্তানে কোনও বড় ধরণের টুর্নামেন্ট আয়োজন করে না আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলি। এমনকি অন্য কোনও দেশ নিরাপত্তার স্বার্থে পাকিস্তানে খেলতে যাওয়ার আগে দশ বার ভাবে। এ বছর ক্রিকেটে এশিয়া কাপের আসর বসারও কথা ছিল পাকিস্তানে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়েছিল নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠাবে না তারা। পাল্টা বিবৃতি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নয়া চেয়ারম্যান জানিয়েছিলেন, পাকিস্তান থেকে এশিয়া কাপের আসর সরানো হলে একদিনের বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না তাঁরা। কিন্তু এশিয়া কাপের আগে স্টেডিয়ামের কাছেই এই বিস্ফোরণ পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল। বিস্ফোরণের তীক্ষ্ণতা এতটাই যে এর আঁচ স্টেডিয়ামেও এসে পৌঁছয়। গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায় স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটার  ও দর্শকদের মধ্যেও। সাময়িক সময়ের জন্য ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনা ফের একবার প্রমান করল পাকিস্তান রয়েছে পাকিস্তানেই।

About Post Author