Home » প্রাক্তনীদের গোলেই ঘরের মাঠে হার, আরও চাপে এটিকে মোহনবাগান

প্রাক্তনীদের গোলেই ঘরের মাঠে হার, আরও চাপে এটিকে মোহনবাগান

সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারি: আইএসএলে প্রথম ছয়ে টিকে থাকার লড়াই ক্রমশ কঠিন হচ্ছে এটিকে মোহনবাগানের কাছে। রবিবার ঘরের মাঠেই বেঙ্গালুরু এফসির কাছে ১-২ গোলে হারল জুয়ান ফেরান্দোর দল। এদিন বেঙ্গালুরুর হয়ে দুটি গোলই করেন এটিকে মোহনবাগানের দুই প্রাক্তন তারকা জাভি হার্নান্দেজ ও রয় কৃষ্ণ। খেলার শেষ মুহূর্তে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান দিমিত্রি পেত্রাতস।

রবিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয় এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম জয় পেতে মরিয়া ছিল সুনীল ছেত্রীরা। তাই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে একঝাঁক সবুজ মেরুনের প্রাক্তনীকে মাঠে নমিয়ে দেন বেঙ্গালুরুর কোচ। প্রথমার্ধে দুই দল হাড্ডাহাড্ডি লড়াই করলেও কেউই কাঙ্খিত গোল পায়নি। চলতি আইএসএলে দুরন্ত ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান রক্ষণভাগ। যদিও দ্বিতীয়ার্ধে আর গোলমুখ বন্ধ রাখতে পারল না সবুজ মেরুন রক্ষণভাগ। ম্যাচের ৭৮ মিনিটে বেঙ্গালুরুর হয়ে প্রথম গোলটি করেন এটিকে মোহনবাগান থেকে বেঙ্গালুরুতে সই করা জাভি হার্নান্ডেজ। রোশন নাওরেমের বাঁ প্রান্তের ক্রস থেকে দুরন্ত ভলিতে বেঙ্গালুরুকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার।

আচমকা গোল খেয়ে চাপে পড়ে যায় ফেরান্দোর ছেলেরা। ফলে ম্যাচের সংযুক্তি সময়ে বেঙ্গালুরুর হয়ে ব্যবধান বাড়ান সবুজ মেরুনের আরেক প্রাক্তনী রয় কৃষ্ণ। বেঙ্গালুরুর পাবলো পেরেজের শট কোনও রকমে বাঁচান বাগান গোলরক্ষক বিশাল। কিন্তু ফিরতি বলে গোল করতে ভুল করেননি ফিজিয়ান স্ট্রাইকার। এরপরই এটিকে মোহনবাগানের হয়ে একটি গোল শোধ করেন দিমিত্রি পেত্রাতস। তাও ম্যাচ বাঁচাতে পারেনি এটিকে মোহনবাগান। আইএসএলে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে রইল এটিকে মোহনবাগান। তালিকায় ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিশ্বাস ফেলছে এফসি গোয়া। আর এটিকে মোহনবাগানকে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল বেঙ্গালুরু এফসি। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট রয়েছে বেঙ্গালুরুর। ৯ ফেব্রুয়ারি মোহনবাগান খেলতে নামবে জামশেদপুরের বিরুদ্ধে। প্রথম ছয়ে নিজেদের জায়গা পাকা করতে ওই ম্যাচকে এখন পাখির চোখ করছেন বাগান কোচ।

About Post Author