Home » অশান্তির দাবি ও পাল্টা দাবির মধ্যেই শেষ হল ত্রিপুরার ভোট

অশান্তির দাবি ও পাল্টা দাবির মধ্যেই শেষ হল ত্রিপুরার ভোট

সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি:  ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি। আর অশান্তির দাবি ও পালটা দাবিতে বেলাশেষে উত্তপ্ত হয়ে উঠলো ত্রিপুরার রাজনীতি। শাসক, বিরোধীর সব পক্ষই একে ওপরের দিকে আঙ্গুল তুলল। ত্রিপুরায় বিরোধী দলগুলির দাবি, বিজেপি কর্মীরা সাধারণ নাগরিকদের ভোট দিতে বাধা দিয়েছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। তাদের পাল্টা দাবি, বাম-কংগ্রেস জোটের ক্যাডাররা অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে।

সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকাল ৪টে নাগাদ শেষ হল ত্রিপুরা বিধানসভার ভোটপর্ব। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তার মধ্যেই বিরোধী বাম-কংগ্রেস জোট এবং তিপ্রা মোথা প্রধানের তরফে বিদায়ী শাসক বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর এবং হিংসার অভিযোগ আনা হয়েছে। তিপ্রা মোথা প্রধান এদিন দাবি করেছেন, ভোটের ফল প্রকাশের পর প্রয়োজনে রাজবাড়ী বিক্রি করে বিজেপি বিধায়কদের তিনি কিনে নেবেন। তিপ্রা মথা প্রধান প্রদ্যোত বলেন, ‘‘আমি মনে করি বেশি মানুষ আমাদের সুযোগ করে দেবে।’’ যদিও তার এই বক্তব্যের পর বিভিন্ন মহল থেকে বিধায়ক কেনাবেচার কথার তীব্র নিন্দা করা হয়েছে।

এ দিনের বিধানসভা নির্বাচনে সকাল ১১ টা নাগাদ শান্তিবাজারেও অশান্তির অভিযোগ উঠে। বিরোধীদের মারধর এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের কর্মীদরে বিরুদ্ধে। এই আবহে সেখানে বিরোধীরা পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে ভোটগ্রহণ চলাকালীনই।

এরই মধ্যে ৪০ থেকে ৪৫ বুথে ইভিএম মেশিনে ত্রুটি খবর আসে। ত্রিপুরার মুখ্য নির্বাচনী কমিশনার জানিয়েছেন, ইভিএম মেশিনে গন্ডগোলের খবর পাওয়ার পর সেগুলিকে পাল্টে দেওয়া হয়েছে সময় মত। যেখানে প্রয়োজন সেখানে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে অশান্তির খবর পাওয়া মাত্র।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকাল ৯টার মধ্যে প্রায় ১৩.২৩ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরার সব আসনেই। ভোটের হার এদিন বেশ ভালোই ছিল। তবে সারাদিনে বিভিন্ন জায়গায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা। ভোটদান শেষ হলে জোটের তরফে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এবং কংগ্রেস নেতা সুবীর বর্মন।

যদিও সারাদিনই ত্রিপুরার বিভিন্ন জায়গায় শাসক-বিরোধী অশান্তির খবর ছড়িয়ে পড়ে। কাকরাবন আসনের ভোটকেন্দ্রে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বাম-বিজেপি। একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।

অন্যদিকে, আদর্শ নির্বাচনী আচরণবিধি ভাঙার কারণে ত্রিপুরার বিজেপি এবং কংগ্রেসকে নোটিস পাঠাল মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও কংগ্রেস এবং বিজেপির তরফে দলের পক্ষে ভোট দেওয়ার আবেদন করে টুইট করার অভিযোগ এনেছে নির্বাচন কমিশন।

এদিন খয়েরপুর বিধানসভা কেন্দ্রে ভোটারদের ভয় দেখিয়ে আটকানোর অভিযোগ ওঠে রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে। ধনপুরের পর পুরনো আগরতলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নাথপাড়া এলাকায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠে শাসকদল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ভোটারদের বুথে যাওয়া থেকে বিরত রাখতে লাঠি দিয়ে মারধর করা হয়। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

এদিন ত্রিপুরার বক্সনগরে সিপিএমের আঞ্চলিক সম্পাদকের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে বাম নেতার উপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে পর্যন্ত ভোটদানের হার ৬৯.৯ শতাংশ।

About Post Author