সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি: ১১ দিন আগে তুরস্ক ও সিরিয়ায় ঘটে গিয়েছিল ভয়াবহ ভূমিকম্প। ইতিমধ্যেই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ। সেই নিখোঁজের তালিকায় ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের বিভিন্ন নামী ক্লাবে খেলা ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর নাম। অবশেষে ভূমিকম্পের ১১ দিন পর ধ্বংসস্তুপের নীচ থেকে ওই ফুটবলারের দেহ উদ্ধার হল শনিবার। ঘানার এই তারকা ফুটবলারের দেহ শনাক্ত করেছেন তাঁর এজেন্ট।

ক্রিশ্চিয়ান আতসু বর্তমানে খেলতেন তুরস্কের সুপার লিগের ক্লাব হাতায়স্পরে। ২০২২ সালে এই ক্লাবে সই করেছিলেন ঘানার তারকা ফুটবলার। থাকতেন দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশের একটি বহুতলে। ভূমিকম্পে ওই বহুতল আবাসন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। ফলে আতসুর বেঁচে থাকার আশা একেবারেই ক্ষীন ছিল। ৩১ বছরের এই উইঙ্গার একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে চুটিয়ে খেলেছেন। নামী ক্লাব চেলসি ও নিউক্যাসল ইউনাইটেডে খেলেছেন সাফল্যের সঙ্গে। আতসু ঘানার জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচ খেলে গোল করেছেন ১০টি। চেলসি ও নিউক্যাসলের হয়েও গোল রয়েছে এই ইউঙ্গারের। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ফুটবলমহলে।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত