Home » অক্ষর-অশ্বিনের জুটিতে ভরসা করে দিল্লি টেস্টে টিকে রইল ভারত

অক্ষর-অশ্বিনের জুটিতে ভরসা করে দিল্লি টেস্টে টিকে রইল ভারত

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি: বর্ডার-গাভাস্কার ট্রফি পকেটে পুরতে মরিয়া ভারতকে দিল্লি টেস্ট জিততেই হবে। এই পরিস্থিতিতে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই ভারত। যেখানে নাগপুর টেস্টে ভারত জিতেছিল ইনিংস ও ১৩২ রানে, সেখানে দিল্লি টেস্ট হার বাঁচাতে ব্যস্ত রোহিত শর্মারা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে গুটিয়ে দিলেও ভারত প্রথম ইনিংস শেষ করল ২৬২ রানে। এক রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অজি বাহিনী দ্বিতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে তুলেছে ৬১ রান। ব্যাটিং ব্যর্থতায় এই টেস্টে সুবিধাজনক জায়গায় থাকতে পারল না ভারত।

শনিবার সকালে বিনা উইকেটে ২১ রান হাতে নিয়ে খেলতে নামে ভারত। কিন্তু দিনের ১৮তম ওভারেই প্রথম ধাক্কা খায় মেন ইন ব্লু। লোকেশ রাহুল আউট হন ১৮ রান করে। এরপর পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ১০০তম টেস্ট খেলতে নামা পূজারা খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। রোহিত শর্মা (৩২), বিরাট কোহলি (৪৪) কিছুটা চেষ্টা করলেও শ্রেয়স আইয়ার (৪), জাদেজা (২৬), শ্রিকার ভারত (৬) রানে আউট হন। ফলে চা পানের বিরতির সময় সাত উইকেট হারিয়ে খুবই চাপে ছিল ভারত। এই পরিস্থিতিতে ভারতকে টেনে তোলেন অক্ষর প্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিন।

অক্ষর দ্রুত ব্যাট চালিয়ে ৯টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৭৪ রান করে আউট হলেন। এবং তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অশ্বিন। তিনি ৫টি চারের সাহায্যে করলেন ৩৭ রান। ভারত প্রথম ইনিংসে তুলল ২৬২ রান। অস্ট্রেলিয়ার হয়ে একাই বল হাতে কামাল করলেন নাথান লিওঁ। তিনি ৬৭ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট ভাগ করে নিলেন ম্যাথু কুহনেম্যান এবং টড মর্ফি। দিনের শেষে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে। এখনও ম্যাচের তিন দিন রয়েছে। ফলে ভারত এখনও ম্যাচ জেতার অবস্থায় রয়েছে।

About Post Author