Home » আবার লাল হলুদ বধ করল সবুজ মেরুন

আবার লাল হলুদ বধ করল সবুজ মেরুন

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : যতবার ডার্বি ততবার হারবি -এই স্লোগান যেন এখন এটিকে মোহনবাগানের সমর্থকদের মুখে অনায়াসে মানায়।ইস্টবেঙ্গলকে হারানো কয়েক বছর ধরেই অভ্যাসে পরিণত করে ফেলেছে এটিকে মোহনবাগান। এদিন যুবভারতী দেখল এটিকে মোহনবাগান কীভাবে অনায়াসে নাস্তানাবুদ করল ইস্টবেঙ্গলকে।খেলার ফল ২-০। গোলদাতা স্ল্যাভকো দামিয়ানোভিচ ও পেট্রাতোস। গোলের জন্য ৬৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতেই হত না সবুজ মেরুনকে যদি প্রাপ্ত সুযোগকে কাজে লাগানোর ক্ষেত্রে পেট্রাতোস ও অন্যান্য স্ট্রাইকাররা নিশানায় নির্ভুল থাকতেন।অন্যদিকে সারাম্যাচে ইস্টবেঙ্গল দুবারের বেশি মোহনবাগান গোলের কাছাকাছি পৌঁছতে পারে নি। ইস্টবেঙ্গল দলের হয়ে একমাত্র মোবাসির ছাড়া অন্যদের কথা যত কম বলা যায় ততই ভালো।কে কতটা খারাপ খেলবেন তার জন্য যেন লড়াই চলছিল। এরমধ্যে দুই সাইড ব্যাক যেন ভুলত্রুটির ক্ষেত্রে বেশি এগিয়েছিল।এই দল নিয়ে আই এস এলে ছটি ম্যাচে  ইস্টবেঙ্গল কীকরে জয়লাভ করেছে তা নিয়ে অনন্ত গবেষণা  চলতেই পারে। অন্যদিকে আশিস রাই, আশিক কুর্নিয়ান দের দেখে সবসময়েই মনে হচ্ছিল যেকোনো মুহূর্তে গোল পেয়ে যেতে পারে সবুজ মেরুন। খেলার ফল খেলার গতির সঙ্গে সঙ্গতিসূচক বললেও এই এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে ফারাক আকাশ পাতাল। যদিও একথা উল্লেখ করা ভালো রেফারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বিশেষ সদয় ছিলেন না। রেফারির বেশ কিছু সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে যায়। এই জয়ের ফলে মোহনবাগান শেষ ছয়ের ওঠার দৌড়ে কার্যত তৃতীয় স্থান নিশ্চিত করে ফেলল। প্লে অফে সেমিফাইনালে ওঠার জন্য হোম  ম্যাচের সুবিধা তারা পাবে।

About Post Author