Home » ডার্বিতে চোখ দুই প্রধানের

ডার্বিতে চোখ দুই প্রধানের

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি : আর কিছু সময়ের অপেক্ষা। আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। একদিকে ম্যাচ জিতে তিন নম্বরে উঠে আসার হাতছানি রয়েছে সবুজ মেরুনের সামনে। অপরদিকে আইএসএলে প্রথমবার চির প্রতিদ্বন্দ্বীকে হারানোর লক্ষ্যে মাঠে নামবে ইস্টবেঙ্গল। ম্যাচকে কেন্দ্র করে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে দুই শিবিরে।

আইএসএলের ফিরতি লিগের আয়োজক ইস্টবেঙ্গল। ক্লাবের বর্তমান পরিস্থিতি ও ক্লাব কর্তাদের ব্যবহারে ক্ষুব্ধ দর্শরকের একটি বড় অংশ। এমনকি ডার্বি বয়কটের হুশিয়ারিও শোনা গিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে। অপরদিকে টিকিট সমস্যায়ও জর্জরিত ইস্টবেঙ্গল। এ পরিস্থিতিতে এই ম্যাচ অনেকটা অক্সিজেন জোগাতে পারে। জানেন ইস্টবেঙ্গল কোচ। তাই এই মুহূর্তে জয়কেই পাখির চোখ করেছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। সূত্রের খবর, দুরন্ত ফর্মে থাকা ক্লেটন সিলভা ও জেক জার্ভিসকে সমানে রেখে ৪-৪-২ ফর্মেশনে দল সাজাবেন লাল হলুদ কোচ। এদিন বড় ভূমিকা নিতে পারেন উইঙ্গার মহেশ নাওরেম সিং।

অপরদিকে কার্ড ও চোট সমস্যায় জর্জরিত এটিকে মোহনবাগান। কার্ড সমস্যায় ডার্বিতে এটিকে মোহনবাগান পাবেনা দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার হ্যামিলকে। আর চোটের জন্য বড় ম্যাচে অনিশ্চিত কার্ল ম্যাকহিউ। এদিন লাল-হলুদের আক্রমণ সামলানোর দায়িত্বে থাকবেন স্লাভকো দামজানোভিচ, প্রীতম কোটালরা। কিছুটা সাবধানী ফুটবলই এদিন খেলার কথা চিন্তা করছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। তবে এটিকে মোহনবাগানকে স্বস্তি দিচ্ছে চোট সারিয়ে হুগো গুমোর মাঠে ফেরা।

ডার্বি জিতে মোহনবাগানের টানা ৭ ম্যাচ জয়ের রথ আটকাতে পারবে ইস্টবেঙ্গল? নাকি টানা ৮ বার চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে লিগ টেবিলে ৩ নম্বরে উঠে আসবে এটিকে মোহনবাগান? উত্তর মিলবে আর কিছু সময় পর।

About Post Author