সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,২৬ ফেব্রুয়ারি :
২০২২ সালের সেপ্টেম্বর মাসের আগে প্রায় ৬ফুট লম্বা ডানহাতি ব্যাটসম্যান হ্যারি ব্রুককে চিনতই বা কজন? ইংল্যান্ডের লোকজনই হয়তো ভালো করে আগে তার নাম শোনে নি। অথচ টেস্টে আবির্ভাবের পর থেকেই ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে ইংরেজ এই তরুণ। ছ’মাস আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট অভিষেক ঘটার পর থেকে মাত্র ছটি টেস্ট খেলেছে ব্রুক। তারমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে সে। চারটি সেঞ্চুরি ইতিমধ্যেই করে ফেলেছে সে। ব্যাটিং গড় প্রায় ৯০। স্ট্রাইক রেট ৯৮ এর বেশি।

এই তো ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ ২৪ বছর পূর্ণ হল ইয়র্কশায়ারের হ্যারির। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে আশ্চর্যজনক সব শট খেলে বড় ইনিংস খেলছে সে। রান তোলার গতিও প্রচন্ড দ্রুত।ওয়েলিংটন টেস্টে ইংল্যান্ড যে ভালো জায়গায় চলে যায় তিনদিনের মধ্যে তার অন্যতম কারণ ব্রুকের করা ১৭৬ বলে মারকুটে ১৮৬ রান। ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিল হ্যারি। ৬০ টির বেশি প্রথম শ্রেণীর খেললেও এত চোখে পড়ে নি হ্যারি, যদিও তার ধারাবাহিকতা ছিল প্রশ্নাতীত।প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ব্যাটিং গড় প্রায় চল্লিশ। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি টোয়েন্টি প্রতিযোগিতায় তাকে দেখা গিয়েছেও । তবে আন্তর্জাতিক আসরে এসেই চমক দেখাচ্ছে হ্যারি ব্রুক । ছটি টেস্টে চারটি শতরান আর তিনটে অর্ধশতরান সহ ৮০৯ রান করার পাশাপাশি তিনটে একদিনের ম্যাচ খেলেছে হ্যারি ব্রুক। একটি ঝকঝকে ৮০ রানের ইনিংস রয়েছে ছোট্ট একদিবসীয় ক্যারিয়ারে।টি টোয়েন্টি ম্যাচেও একবার আশির গণ্ডী ছাড়িয়েছে।এই মুহূর্তে বিস্ময়কর উত্থানের পরে তাকে আগামী দিনে ক্রিকেটের অন্যতম সেরা সম্ভাবনা বলে মনে করা হচ্ছে।।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়