সময় কলকাতা ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি: এবার হ্যাকারদের কবলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট। এর আগে বহুবার সেলিব্রিটি বা রাজনৈতিক নেতা-নেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কিন্তু কোনও রাজনৈতিক দলের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা বিরল। মঙ্গলবার ভোররাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (AITC)-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।

হ্যাক করার পরই ওই অ্যাকাউন্টের নাম ও লোগো পরিবর্তন করে দেয় হ্যাকাররা। AITC-র জায়গায় লেখা রয়েছে ‘Yuga Labs’ এবং ঘাস-ফুল লোগোর জায়গায় Yuga Labs -এর লোগো রয়েছে। তবে কভার ছবির কোনও বদল ঘটানো হয়নি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন জানিয়েছেন, ঠিক কখন এটি হ্যাক করা হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে,সোমবার গভীররাতে বিষয়টি জানা যায়। মঙ্গলবার সকালেও একই অবস্থায় রয়েছে অ্যাকাউন্টটি।

তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন দেখার কখন তৃণমূল ফিরে পায় তাঁদের টুইটার অ্যাকাউন্ট। অপরদিকে জানা যাচ্ছে এই Yuga Labs আদতে একটি মার্কিন ব্লকচেইন প্রযুক্তি কোম্পানি। এই সংস্থাটি ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল মিডিয়াতেও বিশেষজ্ঞ।


More Stories
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
ধর্নায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেত্রীর প্র্যাকটিস চলছে, বললেন সুকান্ত