সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ: একুশের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস একটিও আসন পায়নি। রাজ্য বিধানসভায় বিজেপি বাদে অন্যান্য বিরোধীদের একমাত্র শিবরাত্রির সলতে ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবার তাঁকে সঙ্গ দেবেন সাগরদিঘি থেকে সদ্য জেতা কংগ্রেসের বাইরন বিশ্বাস। বৃহস্পতিবার সকাল থেকে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা শুরু হতেই বোঝা গিয়েছিল খেলা ঘুরছে। প্রতিটি রাউন্ডেই এগিয়ে যেতে থাকেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তাঁর লিড বাড়তে থাকায় এদিন বেলার দিকেই স্পষ্ট হয়ে উঠেছিল শাসকদল তৃণমূলের হাতছাড়া হতে চলেছে সাগরদিঘি। শেষ পর্যন্ত প্রায় ২৩ হাজার ভোটে জিতে গেলেন বাইরন বিশ্বাস।

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস তাঁর নিকটতম প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২,৯৮০ ভোটে পরাজিত করেছেন। একুশের নির্বাচনে সাগরদিঘি আসন প্রায় ৫০ হাজার ভোটে জিতেছিল তৃণমূল প্রার্থী সুব্রত সাহা। তাঁর মৃত্যুর পরই এই আসনে উপনির্বাচন হল। কিন্তু বাংলার রাজনৈতিক মহলে কৌতুহল তৈরি হচ্ছে, মাত্র দুই বছরের ব্যবধানে কীভাবে তৃণমূল ২৩ হাজারের বিশাল ব্যবধানে হারল? একই চর্চা চলছে তৃণমূল শিবিরেও। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উপনির্বাচনের পরই দাবি করেছিলেন এবার তাঁরাই সাগরদিঘি দখল করবেন। ফলে তাঁর দাবি যে ফাঁকা ছিল না এদিন তার প্রমান মিলল। একদা অধীরের গড় মুর্শিদাবাদের সাগরদিঘি ফিরল কংগ্রেসের কাছেই।

কিন্তু কেন এভাবে হারতে হল তৃণমূলকে? এই প্রশ্নের উত্তরে উঠে আসছে কয়েকটি তত্ত্ব। প্রথমত, একেবারে গ্রামস্তর থেকেই বাম ও কংগ্রেস জোট হয়েছিল এবার। শাসকদলের বিরুদ্ধে একেবারে নীচুতলায় একজোট হয়েছিলেন বাম ও কংগ্রেস সমর্থকরা। বিজেপি বিগত কয়েকটি নির্বাচন এবং উপনির্বাচনে গো-হারা হেরেছিল। ফলে বিজেপিকে কার্যত প্রত্যাখ্যান করেছে মানুষ। আর সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসছে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে ভূল। পাশাপাশি প্রয়াত তিনবারের বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর সেন্টিমেন্ট কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তৃণমূল। দেবাশিস বন্দ্যোপাধ্যায় স্থানীয় হলেও দলের কোনও বড় পদে ছিলেন না। এখন দেখার বাম-কংগ্রেসের এই জোট আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কতটা কাজে আসে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?