সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৬ মার্চ: স্পেনের প্রথমসারির ফুটবর লিগ লা লিগার খেতাবি লড়াইয়ে রয়েছে বার্সেলোনা ও রিয়েল মাদ্রিদ। রবিবার ভারতীয় সময় মধ্যরাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। অপররিদকে রিয়েল মাদ্রিদ অ্যাওয়ে ম্যাচে রিয়েল বেটিসের মুখোমুখি হয়েছিল।

প্রথম ম্যাচে ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়ে খেতাবি লড়াইয়ে আরও এগিয়ে গেল জাভি হার্নান্দেজের প্রশিক্ষণাধীন বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধের ১৫ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। সের্গেই বুস্কেটসের বাড়ানো পাস থেকে হেড করে বল জালে জড়ান অরক্ষিত রাফিনহা। প্রথমার্ধে বার্সেলোনা অনেকগুলি সুযোগ তৈরি করলেও কাজে লাগতে ব্যর্থ হয়। অপরদিকে প্রথমার্ধে গোলের সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন ভ্যালেন্সিয়ার ফরওয়ার্ড কোরিয়া। যদিও দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান বাড়াতে পারেননি স্পেনীয় স্ট্রাইকার ফেরান তোরেস। আবার ম্যাচের ৫৯ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার সেন্টার হাফ আরাউজো। কিন্তু দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় দশ জনের বার্সেলোনাকে পেয়েও গোল শোধ করতে পারেনি ভ্যালেন্সিয়ার ফুটবলাররা।

অপর ম্যাচে, রিয়েল বেটিসের বিরুদ্ধে ম্যাচ গোলশূন্য শেষ করল রিয়েল মাদ্রিদ। যদিও ম্যাচের ১৩ মিনিটে করিম বেঞ্জেমার গোলে এগিয়ে গিয়েছিল রিয়েল মাদ্রিদ। কিন্তু ভিডিও সহায়ক ক্যামেরায় (ভার প্রযুক্তি) রেফারি দেখেন বলটি জালে জড়ানোর আগে রিয়েলের সেন্টার হাফ রুদিগারের হাতে লাগে। ফলে গোল বাতিল করে হ্যান্ডবলের নির্দেশ দেন রেফারি। বাকি ম্যাচে প্রাধান্য নিয়ে খেললেও গোলমুখ খুলতে পারেনি কার্লো অন্সেলোত্তির দল। অপরদিকে বেশ কয়েকবার রিয়েল বেটিস গোলমুখী আক্রমণ করলেও মাদ্রিদের গোলরক্ষক কুর্টোয়াকে পরাস্ত করতে পারেনি। এদিন রিয়েল মাদ্রিদ ড্র করায় এবং বার্সেলোনা জেতায় লা লিগা জেতার পথে আরও একধাপ এগিয়ে গেল জাভির দল। এই মুহূর্তে ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর সম সংখ্যক ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়েল মাদ্রিদ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার