Home » পিতার প্রয়াণে খুনে অভিযুক্ত কুস্তিগীরের জামিন

পিতার প্রয়াণে খুনে অভিযুক্ত কুস্তিগীরের জামিন

সময় কলকাতা ডেস্ক,৮ ফেব্রুয়ারি: অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারের পিতা প্রয়াত হওয়ার পরে খুনে অভিযুক্ত কুস্তিগীরকে দেওয়া হল অন্তর্বর্তীকালীন  জামিন।  দিল্লির একটি আদালত  সাগর ধনকার হত্যা মামলার অন্যতম সহ-অভিযুক্ত সুশীল কুমার কে চার দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে যাতে তিনি তার বাবার শেষকৃত্য সম্পাদন করতে পারেন। আদালত জানিয়েছে মানবিক কারণেই এই জামিন। গত ২ জুন থেকেই  জেল হেফাজতে রয়েছেন সুশীল।

সুশীল কুমার দিল্লির রোহিণী আদালতে একটি আবেদন করেছিলেন,৫ মার্চ  তার প্রয়াত  বাবার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য যেন তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। দুই সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন,যে বড় ছেলে হিসাবে তাকে কিছু  পারলৌকিক ক্রিয়াকর্মাদি করতে হবে। আদালতের অতিরিক্ত দায়রা বিচারক শিবাজি আনন্দ, আবেদনটি এবং তদন্তকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনের পাশাপাশি উভয় পক্ষের আইনজীবীর শুনানির পরে চার দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

“মানবিক ভিত্তিতে আবেদনকারী/অভিযুক্ত সুশীল কুমারকে ০৬-০৩-২০২৩ থেকে ০৯-০৩-২০২৩ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দেওয়া হবে শুধুমাত্র ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ড প্রদানের মাধ্যমে। আবেদনকারী/অভিযুক্তকে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর অর্থাৎ ১০-০৩-২০২৩ তারিখে সংশ্লিষ্ট জেল সুপারের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে”,আদালত তার আদেশে বলেছে।

উল্লেখ্য, ৪০ বছর বয়সী সুশীল কুমার ভারতের সর্বকালের সেরা কুস্তিগিরদের মধ্যে অন্যতম।তাঁর ঝুলিতে রয়েছে সর্বোচ্চ আন্তর্জাতিক ক্ষেত্রে  একাধিক আন্তর্জাতিক পদক। অলিম্পিক গেমসে তার একটি রুপো ও একটি ব্রোঞ্জ পদক রয়েছে। এশিয়ান গেমসে তিনি একটি ব্রোঞ্জ পেয়েছেন। কমনওয়েলথ গেমস রয়েছে তার তিনটি স্বর্ন পদক। এত গৌরবের অধিকারী সুশীল  কুমার দেড় বছরের বেশি সময় ধরে  রয়েছেন জেলে। তার বিরুদ্ধে রয়েছে খুনের চাঞ্চল্যকর অভিযোগ ।সাগর ধানকরকে খুনের অভিযোগে ২০২১ সালের ২৩ মে গ্রেফতার করা হয় সুশীলকে।

মে মাসেই খুন হয়েছিলেন  সাগর ধনকর।সাগর ছিলেন  উদীয়মান জাতীয় কুস্তিগীর। ২ অগস্ট পুলিশের প্রথম চার্জশিটে বলা হয়, সুশীল ষড়যন্ত্র করে এই হামলা চালান। তাঁর উদ্দেশ্য ছিল, তরুণ কুস্তিগিরদের মধ্যে নিজের প্রতিপত্তি নতুন করে কায়েম করা।গ্রেফতার হওয়ার পরে গত বছরের মার্চ মাস থেকে বন্দিদের কুস্তি শেখানো শুরু করেছিলেন সুশীল। সম্প্রতি জেল কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর  বন্দিদের বিভিন্ন শারীরিক কসরত শেখাতে শুরু করেছিলেন।।

About Post Author