Home » আমেদাবাদ টেস্টে খোয়াজার শতরান, প্রথমদিনের শেষে ব্যকফুটে ভারত

আমেদাবাদ টেস্টে খোয়াজার শতরান, প্রথমদিনের শেষে ব্যকফুটে ভারত

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৯ মার্চ: বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের প্রথমদিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। অজি ওপেনার উসমান খোয়াজার দুরন্ত শতরানের সুবাদে আমেদাবাদ টেস্টের প্রথমদিনের শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৫৫ রান। ফলে বড় রানের দিকেই এগোচ্ছে অজি ইনিংস। উসমান খোয়াজা ১৫টি বাউন্ডারির সাহায্যে ১০৪ রান করে অপরাজিত আছেন। অপর ওপেনার শুরুটা ভালো করলেও ৩২ রানে অশ্বিনের বলে আউট হন। লাবুসানে মাত্র ৩ রান করে মহম্মদ শামির শিকার হয়েছেন।

অজি অধিনায়ক স্টিভ স্মিথও এদিন খাপ খুলতে পারেননি। তিনি ব্যক্তিগত ৩৮ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। পিটার হ্যান্ডসকোভও এদিন সুবিধা করতে পারেননি। মাত্র ১৭ রানেই শামির বলে বোল্ড হন এই অজি ব্যাটসম্যান। তবে উসমান খোয়াজাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন ক্যামরন গ্রীন। প্রথম দিনের শেষে তিনি ৪৯ রানে ক্রিজে রয়েছেন। ফলে প্রথমদিকে কিছুটা চাপে পড়লেও অস্ট্রেলিয়াকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছেন খোয়াজা-গ্রীন জুটি।

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুটি টেস্ট জিতে শুরুটা ভালোই করেছিল রোহিত শর্মাদের ভারত। কিন্তু ইন্দোরের তৃতীয় টেস্টে মুখ থুবড়ে পড়ে রোহিত-পূজারারা। ফলে আমেদাবাদের শেষ তথা চতুর্থ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ দুই দলের কাছে। ভারত জিতলে সিরিজ পকেটে ঢুকবে। আর অস্ট্রেলিয়া জিতলে সিরিজে সমতা ফেরাবে। ফলে দুই দেশের কাছেই এই টেস্ট মর্যাদার লড়াই। প্রথমদিনের খেলা দেখে মনে হচ্ছে আমেদাবাদের পিচ স্পিন সহায়ক না। তবে বিশেষজ্ঞরা বলছেন পরের দিকে পিচ ভাঙবে, ফলে স্পিনাররা সুবিধা পাবেন। এদিন ভারত একটা পরিবর্তন করেছে। মহম্মদ সিরাজের বদলে দলে আনা হয়েছে মহম্মদ শামিকে। কিন্তু প্রথম দিনেই ভারতীয় বোলারদের পাত্তা না দিয়ে অজি ব্যাটসম্যান উসমান খোয়াজা এবং ক্যামরন গ্রীন অস্ট্রেলিয়াকে বড় রানের দিকে নিয়ে যাচ্ছেন। ফলে চাপে ভারত।

About Post Author