সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১০ মার্চ: নিজামের শহর থেকে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে ফিরছে এটিকে মোহনবাগান। আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে হায়দারাবাদ এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও কিছুটা এগিয়ে থাকল জুয়ান ফেরান্দোর ছেলেরা। এদিন মোহন বাগান তে-কাঠির তলায় অনবদ্য খেললেন মোহন গোলরক্ষক বিশাল কাইথ। দ্বিতীয় পর্বে ঘরের মাঠে খেলবে এটিকে মোহনবাগান।

বৃহস্পতিবার হায়দ্রাবাদের গাচিবাওলি স্টেডিয়ামে আইএসএল দ্বিতীয় সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হয়েছিল সবুজ মেরুন। গত বছর আইএসএল সেমিফাইনালে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এই মাঠেই ৩-১ গোলে হেরে ফিরতে হয়েছিল গঙ্গা পাড়ের ক্লাবকে। এরপর ঘরের মাঠে জিতলেও গোল পার্থক্যে আইএসএল থেকে বিদায় নিতে হয়েছিল জুয়ান ফেরান্দোর দলকে। এদিন গত মরশুমের পুনরাবৃত্তি চাননি সবুজ মেরুন কোচ। তাই কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে এটিকে মোহনবাগান। কিন্তু ঘরের মাঠে পরিকল্পনামাফিক ফুটবলে প্রথমার্ধে এদিন মোহনবাগান রক্ষণে নাভিশ্বাস তুলে দেন হলুদ জার্সিধারীরা। শুরু থেকেই প্রতিপক্ষ মোহনবাগানকে বেশ চাপে রেখেছিল হায়দারাবাদ। ম্যাচের মাত্র ১০ মিনিটে গোলের সুযোগ পেয়ে যায় ম্যানুয়েল মার্কোজের ছেলেরা। জেভিয়ার সিভেরিও-র জোড়ালো শট কোনওমতে বাঁচিয়ে দলের নিশ্চিত পতন রোধ করলেন সবুজ মেরুন গোলরক্ষক বিশাল কাইথ। এদিন তিনকাঠির নীচে ত্রাতা হয়ে উঠেছিলেন মোহন গোলরক্ষক।

যদিও ম্যাচের গতির বিপরীতে একটা সুযোগ পেয়ে গিয়েছিল এটিকে মোহন বাগান। ম্যাচের ৩৭ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের ফ্রিকিক থেকে গোলের সুযোগ পেয়ে যান সবুজ মেরুন অধিনায়ক প্রীতম কোটাল। কিন্তু ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন প্রীতম। দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সুযোগ পেয়েছিল মোহনবাগান। সেগুলি কাজে লাগাতে পারলে নিজামের শহর থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারতেন প্রীতম, শুভাশিসরা। তবে গোটা ম্যাচেই দাপট দেখিয়েছে হায়দরাবাদ। কিন্তু প্রতি ক্ষেত্রেই এটিকে মোহনবাগানের ত্রাতা হয়ে উঠেছিলেন গোলরক্ষক বিশাল কাইথ। তাই হায়দরাবাদ থেকে মুল্যবান এক পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে পারল সবুজ-মেরুন জার্সিধারীরা। এখন দেখার গত বারের বদলা নিতে পারেন কিনা জুয়ান ফেরান্দোর ছেলেরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার