সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৯ মার্চ: বুধবার ভারতীয় সময় মধ্যরাতে, মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনায় শক্তিশালী বায়ার্নের মুখোমুখি হয়েছিল মেসি-এমব্যাপে সমৃদ্ধ পিএসজি। ইউরোপ সেরার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত মেসিদের। কারণ ঘরের মাঠ পার্ক দে’প্রিন্সেসে প্রথম পর্বের ম্যাচে ১-০ গোলে হেরেছিল পিএসজি। এদিন শুরু থেকেই দাপটের সঙ্গে শুরু করে ক্রিস্টোফ গালটিয়ারের দল।

প্রথমার্ধের ৩৮ মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি পেয়েছিলেন পিএসজির মিডফিল্ডার ভিটিনহা। বায়ার্ন গোলরক্ষক ইয়ান সমারকেও পরাস্ত করে ছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেন বায়ার্নের ডাচ সেন্টার হাফ দি লিট। গোল লাইন থেকে বল ক্লিয়ার করে ম্যাচের ফল ০-০ রাখেন তিনি। এদিন গোটা ম্যাচে মেসি-এমব্যাপে সমৃদ্ধ পিএসজিকে আটকানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে দেখা যায় ২৩ বছরের এই ডাচ ডিফেন্ডারকে। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য। মাঠে উপস্থিত পিএসজি সমর্থকরা ভেবেছিলেন দ্বিতীয়ার্ধে হয়তো জ্বলে উঠবেন সদ্য বিশ্বকাপে সোনার বুট ও সোনার বল জেতা দুই মহাতারকা।

কিন্তু এদিন বায়ার্ন ফের প্রমাণ করল জার্মানদের ঘরের মাঠে এখনও তারা কতটা ভয়ঙ্কর। বায়ার্নের মুহুর্মুহু আক্রমণ আছড়ে পড়তে থাকে পিএসজির বক্সে। অবশেষে ম্যাচের ৬১ মিনিটে প্রথম গোল করে বায়ার্নকে এগিয়ে দেন এরিক ম্যাক্সিম চৌপো মোটিং। গোরেৎজকার পা ঘুরে বল এসেছিল চৌপো মোটিংয়ের পায়ে। গোল করতে ভুল করেননি ক্যামেরুনের এই অভিজ্ঞ স্ট্রাইকার। ম্যাচের ৮৯ মিনিটে ম্যাচের ভাগ্য নিশ্চিত করার গোলটি করেন জার্মান উইঙ্গার সার্জে ন্যাব্রি। ফলে ২-০ গোলে ম্যাচ জিতে নেয় জার্মান ক্লাব। আর দুই পর্ব মিলিয়ে বায়ার্ন পিএসজিকে হারাল ৩-০ গোলে।

চোটের কারণে এই মরশুমে আর মাঠে নামতে পারবেন না নেইমার জুনিয়র। তাঁর অনুপস্থিতিতে দলকে টানার দায়িত্ব ছিল মেসি ও এমব্যাপের কাঁধে। কিন্তু এদিন বায়ার্ন রক্ষণে আটকে গেলেন ফরাসি স্ট্রাইকার। এদিন জার্মান ক্লাবের রক্ষণকে বিশেষ বেগ দিতে পারেননি সদ্য দেশকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসিও। আর এই হারের ফলে আট বছরে চ্যাম্পিয়ন্স ট্রফির খরা কাটল না মেসির। ২০১৫ সালে শেষবার বার্সেলোনার হয়ে ইউরোপ সেরার খেতাব জিতেছিলেন তিনি। তার পর থেকে আর সেই স্বাদ পাননি। এ বার সুযোগ ছিল। কিন্তু পারলেন না। ম্যাচ শেষে পিএসজি তারকা কিলিয়ান এমব্যাপে কার্যত দলের সামর্থের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়েছেন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার