সময় কলকাতা ডেস্ক, ৯ মার্চ: নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথমবার কোনও টলি অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সূত্রের খবর, এই সপ্তাহের মধ্যেই টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডির তলবের কথা স্বীকার করে নিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। এরপরই প্রশ্ন উঠছে, নিয়োগ দুর্নীতির টাকা কী টলিউডেও লগ্নি করা হয়েছিল? ইডি সূত্রে খবর, হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখেই ডাকা হয়েছে বনিকে। আরও জানা যাচ্ছে, ইডির আতসকাঁচের নীচে রয়েছেন টলিউডের আরও এক অভিনেত্রী।

আগামী শুক্রবারই বনি সেনগুপ্তকে কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ইডির দাবি, টলি অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গেও কুন্তলের আর্থিক লেনদেন ছিল। তাই তাঁকে তলব করা হল। দুজনের মধ্যে কোনও বেআইনি আর্থিক লেনদেন ছিল কিনা জানতে চায় ইডি-র আধিকারিকরা।

প্রসঙ্গত, ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষেরও একটি প্রযোজনা সংস্থা ছিল। ইডি-র তদন্তকারীদের ধারণা, শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা ওই প্রযোজনা সংস্থাতে খাটানো হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল আগেই দাবি করেছিলেন, চাকরির জন্য টেট পরীক্ষার্থীদের ১৯ কোটি টাকা কুন্তল ঘোষকে দেওয়া হয়েছিল। সেই টাকা কোথায় গেল? কারা কারা ভাগ পেয়েছেন সেটাও জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘাঁটতে গিয়ে টলি অভিনেতা বনি সেনগুপ্তর নাম পায় ইডি। এবার তাঁকে ডেকেই জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। আগামীদিনে আরও নাম সামনে আসতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।


More Stories
কুণাল-কল্যাণ :কলকাতায় চ্যাংদোলা, দিল্লিতে সাসপেন্ড
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন
পুলিশের জালে স্বপন সাহা, মালবাজারে দোলাচল