Home » লিভারপুলকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়েল মাদ্রিদ

লিভারপুলকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়েল মাদ্রিদ

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ: অঘটনের আশা নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন মহম্মদ সালাহ, ভ্যান ডাইকরা। কিন্তু হল না স্বপ্ন পূরণ। ঘরের মাঠে ১-০ গোলে লিভারপুলকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়েল মাদ্রিদ। এদিন রিয়েলের হয়ে জয়সূচক গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। আর দুই পর্ব মিলিয়ে ৬-২ গোলে জিতল রিয়েল মাদ্রিদ।

বুধবার ভারতীয় সময় মধ্যরাতে লিভারপুলের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। রাউন্ড অফ সিক্সটিনের প্রথম পর্ব লিভারপুলের ঘরের মাঠে  ৫-২ গোলে যুরেগন ক্লপের দলকে হারায় আট বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। তবে ঘরের মাঠে কিছুটা হিসেবি ফুটবল খেলতে দেখা গেল কার্লো আন্সেলোত্তির ছেলেদের। ম্যাচ শুরুর মাত্র ৭ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়ে গিয়েছিল লিভারপুল।  কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি ডারউইন নুনেজ। এরপর ম্যাচের ১৪ মিনিটে গোলের সুযোগ পেয়ে যান রিয়েলের ভিনিসিয়াস জুনিয়র।  কিন্তু  অনবদ্য দক্ষতায়  পরিস্তিতি সামাল দেন লিভারপুলের গোলরক্ষক। প্রথমার্ধে একাধিকবার আক্রমণের ধার বাড়িয়েছে লিভারপুল। কিন্তু এদিন রিয়েলের তেকাঠির তলায় অবিচল ছিলেন গোলরক্ষক কুর্তোয়া।

প্রথমার্ধে কোনও দলই গেল করতে পরেননি। এদিন রিয়ালের মাঝমাঠে অনবদ্য ফুটবল খেললেন এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা। এদিন  ২০ বছরের ফরাসি মিডফিল্ডারের শট ক্রসবারে লেগে প্রতিহত না হলে আগেই এগিয়ে যেতে পারত রিয়াল। এদিন ম্যাচের ৭৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। লিভারপুলের ডিফেন্ডারদের কাটিয়ে গোলের জন্য বেঞ্জেমাকে বল সাজিয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। এই জয়ের ফলে ১৯ তম চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। সব থেকে বেশি ২১ বার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর নজির রয়েছে বায়ার্নের। এছাড়াও  পরপর তিনবছর রিয়ালের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হল লিভারপুলের।

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের অপর ম্যাচে জার্মানির ক্লাব ফ্রাঙ্কফুটকে ৩-০ গোলে উড়িয়ে দিল ইতালির ক্লাব নাপোলি।  এদিনও দুরন্ত ফর্মে ছিলেন নাপোলির ফরওয়ার্ড ভিক্টর ওসিমহেন। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ও ৫৩ মিনিটের জোড়া গোলে এদিন নাপোলিকে এগিয়ে দিয়েছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রাঙ্কফুটের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জিয়ালেনস্কি। দুই পর্ব মিলিয়ে মোট ৫-০ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল গ্লি আজুরি ব্রিগেড।

About Post Author