Home » এবার জোড়া খুনে অভিযুক্তর জমিতে বুলডোজার চালাল মধ্যপ্রদেশ পুলিশ!

এবার জোড়া খুনে অভিযুক্তর জমিতে বুলডোজার চালাল মধ্যপ্রদেশ পুলিশ!

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ:  দিন কয়েক আগেই ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল মধ্যপ্রদেশ পুলিশের মহিলাবাহিনী। সেই বিতর্ক থামার আগেই ফের বুলডোজাররাজ মধ্যপ্রদেশ পুলিশের। এবার জোড়া খুনে অভিযুক্ত এক ব্যক্তির জমির ফসল নষ্ট করল মধ্যপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, দুই সপ্তাহ আগে দুই ভাইকে খুনের অভিযোগ ওঠে এলাকারই কয়েকজনের বিরুদ্ধে। খুনের পর থেকেই অভিযুক্ত অর্জুন সিং, জহর, মাখন এবং উমেইদরা। তাঁদের হদিশ না পেয়ে এবার পুলিশ বুলডোজার নিয়ে হাজির হয় অভিযুক্তদের জমিতে। ফলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মধ্যপ্রদেশে।

যদিও মধ্যপ্রদেশ পুলিশের দাবি, সরকারি জমি দখল করেই চাষআবাদ করছিল জোড়া খুনে অভিযুক্ত অর্জুন সিং। তাই বুলডোজার দিয়ে ওই জমির ফসল নষ্ট করা হল। পুলিশের আরও দাবি, ওই পরিবার শুধু সরকারি জমি নয়, স্থানীয় একটি সরকারি স্কুলও দখল করে নিয়েছে। ফলে প্রশাসন তাঁদের প্রায় ৪০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। পুলিশ সেইমতো কাজ করেছে। স্থানীয় জেলাশাসকের বক্তব্য, জোড়া খুনের তদন্তে জমি দখলের বিষয়টি উঠে আসে। তাই তাঁদের দুটি কাঁচা বাড়ি ভেঙে জমি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য ২০২১ সালে বদ্রি ও রামসেবক শুক্ল নামে দুই ভাই ৩ একর জমি কিনেছিলেন। সেই থেকেই অর্জুন সিংয়ের পরিবারের সঙ্গে বিবাদ শুরু হয় তাঁদের। গত ২৮ ফেব্রুয়ারি বদ্রি ও রামসেবককে গুলি করে খুন করা হয়। অভিযোগের তির ছিল অর্জুন ও তাঁকে তিন সঙ্গীর দিকে।

About Post Author