Home » ঝড়বৃষ্টিতে উত্তরবঙ্গে বিদ্যুৎ বিভ্রাট, বিপাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

ঝড়বৃষ্টিতে উত্তরবঙ্গে বিদ্যুৎ বিভ্রাট, বিপাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

সময় কলকাতা ডেস্ক,১৬ মার্চঃ বুধবার থেকেই দুর্যোগ শুরু হয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখনও পর্যন্ত ১০০টিরও বেশি পোল ভেঙ্গে গিয়েছে। লাইনের ওপর গাছ পড়ে প্রচুর বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়েছে। এদিকে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কারেন্ট না থাকায় চরম অসুবিধায় পড়েছেন বহু পরীক্ষার্থীই। এই সমস্যার সমাধানেই ফোন যাচ্ছে ‘এক ডাকে অভিষেক’-এ। ফোন পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

বুধবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে টুইট করে বলেছেন, উত্তরবঙ্গের একাধিক এলাকার বাসিন্দারা ফোন করে জানাচ্ছেন ঝড়বৃষ্টি কারণে বহু এলাকায় কারেন্ট নেই। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছে। ফোন পেয়েই তিনি দ্রুত বিদ্যুৎ দফতরে ফোন করে বিদ্যুৎ ফেরানোর নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় দু’শোরও বেশি বিদ্যুৎকর্মী ও অফিসার কাজ করছেন বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য। কোচবিহার-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা। তবে,বৃষ্টি ও শিলাবৃষ্টির জেরে একধাক্কায় অনেকটাই তাপমাত্রার পারদ নেমে গিয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়।


আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে, বুধবারের পর বৃহস্পতিবারও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙ,দার্জিলিঙে শিলাবৃষ্টি সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর,মালদায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী এলাকায় শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা বাড়ছে। যার কারণে রাজ্যে ক্রমশই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তের পরিস্থিতি। একইসঙ্গে শুক্রবারের মধ্যে কলকাতায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

About Post Author