Home » আইএসএল: মরশুমের প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে গোয়ায় এটিকে মোহনবাগান

আইএসএল: মরশুমের প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে গোয়ায় এটিকে মোহনবাগান

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৭ মার্চ:  রাত পোহালেই আইএসএলের মহারণ। গোয়ার ফতোরদায় স্টেডিয়ামে শনিবার আইএসএলের ফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি বাংলার অন্যতম প্রধান ক্লাব এটিকে মোহনবাগান। মোহনবাগানের সঙ্গে সংযুক্তির আগে মোট তিনবার আইএসএল ফাইনাল জিতেছে এটিকে। তবে সংযুক্তির পর এখনও অধরা আইএসএল ট্রফি। সংযুক্তির পর ২০২০-২১ মরশুমে ফাইনাল খেললেও শেষ রক্ষা হয়নি। ফাইনালে হারতে হয়েছিল মুম্বইয়ের কাছে। তাই এবার সতর্ক সবুজ মেরুন শিবির।

আইএসএলের শেষ ১১টি ম্যাচে শুধু অপরাজিতই নয়, সব কটি ম্যাচ জিতেছেন সুনীল ছেত্রীরা। বেঙ্গালুরুর বর্তমান ফর্ম যথেষ্ট সমীহ যোগ্য। অপরদিকে বেঙ্গালুরুর দলটিকে ভরসা জোগাচ্ছেন এটিকে মোহন বাগানের একঝাঁক প্রাক্তন ফুটবলার। এটিকে মোহনবাগানের প্রাক্তনী রয় কৃষ্ণ, সন্দেশ ঝিঙ্গন, প্রবীর দাসরা দাপটের সঙ্গেই খেলছেন বেঙ্গালুরুর হয়ে। যদিও এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ সবুজমেরুণ শিবির। সুনীল, রয় কৃষ্ণদের থামাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছেন এটিকে মোহন বাগানের স্প্যানিশ কোচ খুয়ান ফেরান্দো। দলে চোট সমস্যা নেই। ফাইনালে মোহনবাগানকে ভরসা জোগাতে প্রস্তুত সবুজ মেরুনের গোয়ানিজ ব্রিগেড। এখন ঘরের মাঠে গ্লেন মার্টিন ও লিস্টন কোলাসোর উপর অনেকটাই নির্ভর করবে মোহনবাগানের ফাইনালের ভাগ্য। এসবের মধ্যে বৃহস্পতিবারই গোয়া উড়ে গেলেন প্রীতম, পেত্রতোসরা। শনিবারের মেগা ফাইনালের ২৪ ঘন্টা আগে ম্যাচকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ।

অপরিদিকে, ফাইনালের আগে বিশেষ সম্মান জানাতে ফিনল্যান্ড থেকে উড়িয়ে আনা হচ্ছে জনি কাউকোকে। একটা সময় এটিকে মোহনবাগানের মাঝমাঠকে ভরসা জুগিয়েছিলেন তিনি। কাউকো চোট পাওয়ার পর চাপে পড়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। সব ঠিক থাকলে আইএসএলের মেগা ফাইনালে গ্যালারিতে দেখা যাবে ফিনল্যান্ডের হয়ে ইউরো ২০২০-তে খেলা তারকা ফুটবলারকে। সবমিলিয়ে চনমনে সবুজমেরুণ শিবির, ট্রফি জিততে মরিয়া পেত্রাতোস-হুগো বুমোসরা।

About Post Author