সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ: শুক্রবার সকালেই কলকাতায় এলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। আর এদিনই কালীঘাটে পঞ্চায়েত ভোটের আগে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। দলের সমস্ত বিধায়ক, জেলা সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতিরা দুপুরে কালীঘাটের অফিসে এই বৈঠকে আমন্ত্রিত। তারপরই তৃণমূল নেত্রী বৈঠকে বসবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাবদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ইতিমধ্যেই শুক্রবার সকালে কলকাতায় এসে পৌঁছেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এদিনের বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অখিলেশের সঙ্গে বৈঠকে থাকবেন সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি তথা বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণ্ময় নন্দ। স্বভাবতই এদিনের বৈঠকের পর তাঁরা কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। কলকাতায় এবার সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলন। আগামী ১৮ ও ১৯ মার্চ দু’দিনের সম্মেলনে তাঁরা থাকবেন কলকাতায়। এরই ফাঁকে তিনি তৃণমূল নেত্রীর সঙ্গে আলাদা বৈঠক করছেন। এদিন কলকাতা বিমান বন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন তাদের একটাই লক্ষ্য বিজেপিকে দিল্লির মসনদ থেকে হটানো।

ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তা নিয়ে অখিলেশ এদিন বলেন, তবুও বাংলার কম নেতা-মন্ত্রী জেলে রয়েছেন। ভারতের যেখানেই বিরোধীরা শক্তিশালী সেখানেই ইডি-সিবিআই-আয়কর দফতরকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার। তিনি আরও বলেন, বিজেপি যেখানেই যাদের ভয় পাচ্ছে, তাঁদেরই কোনও না কোনও অজুহাতে জেলে ভরছে। উত্তরপ্রদেশেও বহু সমাজবাদী পার্টির নেতাকে জেলে বন্দি রাখা হয়েছে। তবে রাজনৈতিক মহলের চোখ মমতা-অখিলেন বৈঠকের দিকে। কারণ আগামীদিনে জাতীয় রাজনীতিতে বিরোধী জোট নিয়ে সলতে পাকানোর কাজ শুরু করেছেন অখিলেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসকে বাদ রেখে অবিজেপি জোট করতে মরিয়া। অখিলেশের সঙ্গে বৈঠকের পর আগামী সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশা যাচ্ছেন। সেখানে তিনি বৈঠক করতে পারেন নবীন পট্টনায়কের সঙ্গেও।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?