সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৮ মার্চ: লক্ষ্য ছিল মাত্র ১৮৯ রান। সকলেই ধরে নিয়েছিলেন সহজেই ম্যাচ পকেটে পুরবে ভারত। কিন্তু শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল হার্দিক পণ্ডিয়ারা। একসময় মনে হচ্ছিল হেরেই যেতে পারে ভারত। কিন্তু লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার হাত ধরে পাঁচ উইকেটে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে থাকল।

মুম্বইয়ে মাত্র ১৮৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে একসময় ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। কিন্তু টেস্ট সিরিজে সুপার ফ্লপ কে এল রাহুল ব্যাট হাতে ঘুরে দাঁড়ালেন এদিন। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা। ফলে ৬১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারত। এই নিয়ে টানা ৮টি ওয়ান ডে ম্যাচে জয় পেল ভারত। এদিন শুরুটা একদম ভালো হয়নি ভারতের। মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন ঈশান কিষান। সূর্যকুমার যাদব খাতা খুলতে পারেননি। বিরাট কোহলি ৪ রানে আউট হলেন। আর শুভমান গিল করলেন ২০ রান। এরপর হার্দিক পণ্ডিয়া দলকে টানতে শুরু করেন কে এল রাহুলকে নিয়ে। অধিনায়ক হার্দিক ২৫ রান করে ফিরলেও রাহুল ও জাদেজা জুটি ভারতকে ম্যাচে ফেরায়।

দীর্ঘদিন পর কে এল রাহুলকে ভালো ফর্মে দেখা গেল। ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেললেন রাহুল। আর জাদেজা ৪৫ রানে অপারিজিত থাকেন। ফলে ভারত পাঁচ উইকেটে ম্যাচ জিতে যায়। অন্যদিকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। সিদ্ধান্ত যে খুব একটা ভুল ছিল না সেটাই প্রমান করলেন ভারতীয় বোলাররা।
আরও পড়ুন সামি-সিরাজের আগুনে বোলিংয়ে ধরাশায়ী অস্ট্রেলিয়া, সহজ টার্গেট ভারতের
অস্ট্রেলিয়াকে মাত্র ৩৬ ওভারে ১৮৮ রানের মধ্যে অলআউট করে কামাল দেখালেন সামি-সিরাজরা। একমাত্র লড়াই করলেন মিচেল মার্শ, তিনি করলেন লড়াকু ৮১ রান। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ পেলেন তিনটি করে উইকেট। রবীন্দ্র জাদেজা দুটি উইকেট পেয়েছেন। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ধস নামিয়ে দিলেন মহম্মদ শামি। পরপর ফেরালেন জস ইংলিস (২৬), ক্যামরণ গ্রীন (১২) এবং মার্কাশ স্টোয়নিসকে (৫)। অপরদিকে দুরন্ত ছন্দে ব্যাট করা মার্শকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার কোমর ভেঙে দিলেন রবীন্দ্র জাদেজা। ফলে মাত্র ৩৬ ওভারের মধ্যেই মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার