Home » প্রবীণ নাগরিকরা ফের ট্রেন ভাড়ায় ছাড় পাবেন? জানিয়ে দিলেন রেলমন্ত্রী

প্রবীণ নাগরিকরা ফের ট্রেন ভাড়ায় ছাড় পাবেন? জানিয়ে দিলেন রেলমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক,২৬ মার্চঃ করোনা অতিমারীর আগে দূরপাল্লার ট্রেন টিকিটে বয়স্ক যাত্রীরা ছাড় পেতেন। ৬০ বছর বা তার উর্দ্ধে পুরুষ এবং ৫৮ বছর বা তার উর্দ্ধে মহিলা যাত্রীদের জন্য ট্রেন টিকিটে ভর্তুকি দিত রেল। কিন্তু করোনা পরিস্থিতির পর তা তুলে দেয় রেল মন্ত্রক। এরপর কেটে গিয়েছে দুই বছর। পরিস্থিতি এখন পুরো স্বাভাবিক। তবুও বয়স্কদের জন্য ট্রেন টিকিটে ছাড় চালু করেনি ভারতীয় রেল। যা নিয়ে যথেষ্ট বিতর্ক চলছে দেশজুড়ে। মোদি সরকারের এই নীতিকে একহাত নিতে ছাড়ছে না বিরোধী দলগুলো।

সম্প্রতি রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি রেল মন্ত্রককে বয়স্কদের জন্য পুনরায় ছাড় দেওয়ার সুপারিশ করেছে। করোনাকালের আগের হিসেবেই ছাড় দিতে অনুরোধ করেছে রেলের স্থায়ী কমিটি। এর উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন রেল খুব শীঘ্রই প্রবীণ নাগরিকদের ছাড় ফিরিয়ে আনতে পারে। তবে কেন এই ছাড় বন্ধ করা হয়েছিল তার ব্যাখ্যাও দেন রেলমন্ত্রী। তিনি ওই বিবৃতিতে জানিয়েছেন, ২০১৯-২০ সালে রেল যাত্রীদের টিকিটে ৫৯,৮৩৭ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছিল। রেলে ভ্রমণকারী প্রতিটি ব্যক্তির জন্য যা গড়ে ৫৩ শতাংশ ছাড়। করোনা লকডাউনের সময়ে ও পড়ে পরিযায়ী শ্রমিক ও আটকে থাকা মানুষদের বাড়ি ফেরাতে এই ভর্তুকি দিয়েছে রেল। এবার বয়স্কদের ছাড় ফিরিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে।

আরও পড়ুন  গরু পাচারের মোটা অঙ্কের ‘প্রোটেকশন মানি’ পেতেন সিউড়ি থানার আইসি, দাবি ইডি-র

প্রসঙ্গত, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে রেল করোনা অতিমারীর আগে সব শ্রেণিতেই ছাড় দিত। তবে এবার সংসদীয় স্থায়ী কমিটি পুরোটা সম্ভব না হলেও সাধারণ স্লিপার (SL) এবং এসি থ্রি টায়ারে (3A) ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর আগে ৬০ বছর বা তার উর্দ্ধে পুরুষ প্রবীণ নাগরিকদের জন্য ট্রেন টিকিটে ৪০ শতাংশ ছাড় ছিল। আর বয়স্ক মহিলাদের ক্ষেত্রে ছাড়ের পরিমান ৫০ শতাংশ। এই ছাড় রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন-সহ সমস্ত দূরপাল্লার মেল এক্সপ্রেস ট্রেনে দেওয়া হতো। সেই ব্যবস্থা আবার চালু করতে চায় রেল। এতে স্বভাবতই খুশি হবেন প্রবীণ নাগরিকরা। বিশেষজ্ঞদের মতে ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই বয়স্ক নাগরিকদের রেল ভ্রমণে ছাড় ফিরিয়ে আনবে মোদি সরকার।

আরও পড়ুন   বাঘ বেড়েছে সুন্দরবনে, খাদ্য সংকট মেটাতে এবার ১০০ হরিণ ছাড়ছে বন দফতর

About Post Author