সময় কলকাতা ডেস্ক, ২৬ মার্চ: বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবনে। তাই কিছুটা খাদ্য সংকট তৈরি হয়েছে জঙ্গলে। সেই জন্যই বারবার লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে বলেই মনে করছেন পশু বিশেষজ্ঞরা। এবার বাঘেদের খাদ্য সঙ্কট মেটাতে পর্যাপ্ত হরিণ ছাড়া হবে সুন্দরবনের জঙ্গলে। ইতিমধ্যেই ১০০ হরিণ নিয়ে আসা হয়েছে পারমাদন বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে। হরিণগুলিকে বর্তমানে রাখা হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দোবাঁকি ক্যাম্পে। সেখানেই ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে রেখে হরিণগুলিকে দেখভাল করছেন বনকর্মীরা। মাস দুয়েক সুন্দরবনের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর এই হরিণগুলিকে ছেড়ে দেওয়া হবে সুন্দরবনের গহীন অরণ্যে। মূলত বাঘের খাবার হিসেবেই হরিণগুলিকে জঙ্গলে ছাড়তে চাইছে রাজ্যের বন দফতর। সুন্দরবন হল রয়াল বেঙ্গল টাইগারের সূতিকাগৃহ। বিপন্নপ্রায় এই প্রাণীকে বাঁচাতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। পৃথিবীর সবচেয়ে বেশি রয়াল বেঙ্গল টাইগার পাওয়া যায় এই সুন্দরবনেই। তবে এই বিশাল ম্যানগ্রোভ জঙ্গল ছড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। কিন্তু গত কয়েক বছর ধরেই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া লোকালয়ে বাঘের হানা বেড়েছে। তাই মনে করা হচ্ছে খাদ্যের খোঁজেই রয়াল বেঙ্গল টাইগার ঢুকে পড়ছে লোকালয়ে।
আরও পড়ুন হাওড়া-বর্ধমান ডিভিশনে রবিবার বাতিল সমস্ত লোকাল ট্রেন! জেনে নিন বিস্তারিত

বর্তমানে সুন্দরবনের জঙ্গলে বাঘেদের সংখ্যা বেশ কিছুটা বেড়েছে বলে দাবি করছে বন দফতর। আর সেই কারণে বাঘের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জঙ্গলে যাতে বাঘেদের খাবারের ঘাটতি না হয় তাই নতুন করে সুন্দরবনের জঙ্গলে হরিণ ছাড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বন কর্তারা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোন্স জানিয়েছেন, সুন্দরবনের জঙ্গলে সম্ভবত বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা খুবই ভাল ব্যাপার। সেই কারণে লোকালয়ে বাঘের আনাগোনা বেড়েছে। সুন্দরবন জঙ্গলে যাতে বাঘেদের কোনওপ্রকার খাদ্যসংকট না হয়, সেজন্য ম্যানগ্রোভ অরণ্যে ১০০ হরিণ ছাড়া হচ্ছে। প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরে সুন্দরবনের কোর এলাকায় থাকা গ্রামে প্রায়সই হানা দিচ্ছে দক্ষিণরায়। জঙ্গলে মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহে যাওয়া মানুষদের আক্রমণ করছে বাঘ। অনেকেই বাঘের হাতে বেঘোরে মারা গিয়েছেন। সম্প্রতি বাঘ সুমারি করার পর বাঘের সংখ্যা বৃদ্ধির দাবি করেছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সুন্দরবনের গভীর জঙ্গলে বাঘেরা যাতে পর্যাপ্ত খাবার পায় তার জন্য ১০০ হরিণ ছাড়া হচ্ছে। বনকর্তাদের আশা, হরিণের বংশবৃদ্ধির সঙ্গে সঙ্গে বাঘের খাদ্যের অভাব মিটবে।



More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?