Home » গরু পাচারের মোটা অঙ্কের ‘প্রোটেকশন মানি’ পেতেন সিউড়ি থানার আইসি, দাবি ইডি-র

গরু পাচারের মোটা অঙ্কের ‘প্রোটেকশন মানি’ পেতেন সিউড়ি থানার আইসি, দাবি ইডি-র

সময় কলকাতা ডেস্ক,২৬ মার্চঃ গরু পাচার মামলায় সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে শনিবার দু’দফায় প্রায় নয় ঘণ্টা ধরে তাঁকে ম্যারাথন জেরা করে ইডি। জিজ্ঞাসাবাদ শেষে রাত প্রায় দশটা নাগাদ ইডির অফিস থেকে বেরোন তিনি। সূত্রের খবর,সোমবার ফের তলব করা হতে পারে আলিকে। ইডি-র দাবি, পাচারকারীদের সাহায্যের জন্য মোটা অঙ্কের ‘প্রোটেকশন মানি’ পেতেন সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। কার্যত সেকারণেই তাঁকে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সূত্র মারফত জানা গিয়েছে,গরু পাচার চক্রের সঙ্গে যে মোটা অঙ্কের কালো টাকা জড়িয়ে রয়েছে, সেই কালো টাকা কীভাবে সাদা করা হত,এদিন সেই সংক্রান্ত বিষয়েই সিউড়ি থানার আইসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি এই গরু পাচারের টাকা কোন পথে ঘোরানো হত, কোন সংস্থায় কত টাকা বিনিয়োগ করা হয়েছে,কার নির্দেশ মতো এই টাকা বিনিয়োগ হয়েছে, সেইসব বিষয়েও এদিন সিউড়ি থানার আইসি মহম্মদ শেখ আলিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন    সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন মজাদার বেল পেপার পনির স্যান্ডউইচ

উল্লেখ্য, কয়লা ও গরু– জোড়া পাচার মামলাতেই জড়িত সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। অনুব্রত মণ্ডল, সায়গল হোসেনের এই অবৈধ পাচার প্রক্রিয়ায় মোটা টাকার বিনিময়ে তিনি চুপ করে থাকতেন, এই অভিযোগ উঠেছে মহম্মদ আলির বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, গত কয়েকমাসে অনুব্রত মণ্ডলের মামলা চালানোর খরচও জুগিয়েছিলেন বীরভূমের সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। কিছুদিন আগেই কয়লা পাচার কাণ্ডে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। সেসময় তিনি হাজিরাও দিয়েছিলেন। এদিকে, বৃহস্পতিবারই গরু পাচারকাণ্ডে আসানসোল সংশোধনাগারের সুপারেনটেনডেন্ট কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি। আগামী ৫ এপ্রিল তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে। সূত্রের খবর,ই-মেল মারফত আসানসোল সংশোধনাগারের সুপারেনটেনডেন্টকে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর,অনুব্রত মণ্ডল যে সময় আসানসোল জেলে ছিলেন, সেই সময়ের কী কী ঘটেছিল, সেসব নিয়ে তাঁকে প্রশ্ন করা হতে পারে।

আরও পড়ুন   টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড আমেরিকা,মৃত বেড়ে ২৩


প্রসঙ্গত,গরুপাচার মামলায় ইতিমিধ্যেই দিল্লির তিহার জেলে ঠাঁই হয়েছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের তাঁকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। গরু পাচারকাণ্ডের তদন্তে গত ৭ মার্চ অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছিলেন ইডি। তারপর থেকে ইডি হেফাজতেই ছিলেন অনুব্রত মণ্ডল। এই একই মামলায় গ্রেফতারির পর তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ও হিসাবরক্ষক মণীশ কোঠারিও। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতকে ৩ এপ্রিল ফের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে। সূত্রের খবর,ওই দিনই অনুব্রতর সঙ্গে তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও আদালতে পেশ করা হবে।

About Post Author