Home » ইস্টবেঙ্গল মাঠে এবার চুলবুল পাণ্ডে?

ইস্টবেঙ্গল মাঠে এবার চুলবুল পাণ্ডে?

স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা, ৩০ মার্চ: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য চমক। এবার স্টেজ কাঁপাতে ময়দানে আসছেন । সূত্রের খবর, ১৩ ই মে শহরে আসতে পারেন এই বলিউডি সুপারস্টার। সদ্য শতবর্ষে পা দিয়েছে ময়দানের অন্যতম প্রধান ক্লাব ইস্টবেঙ্গল। করোনা অতিমারির জন্য শতবর্ষের উৎসব করতে পারেনি ক্লাব কর্তারা। তাই ক্লাবের শতবর্ষ উদযাপন এখনও চলছে জোর কদমে। আর সেই অনুষ্ঠানেই এবার যোগ দেবেন বলিউডের ভাইজান।

আরও পড়ুন   পুসকাস ও সুনীল ছেত্রী

এপ্রিল মাসে কলকাতায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সলমন খানের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। এখন শোনা যাচ্ছে মে মাসে তিনি ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে আসতে চলেছেন। যদিও
বলিউডের সুপারস্টারের আসার ব্যাপারটি গোপন রাখতে মরিয়া লাল হলুদ কর্তারা। তাঁরা চাইছেন সব পরিকল্পনা পাকাপাকি হলে, সমর্থকদের চমক দিতে। মুখে কিছু না বললেও ভারতের অন্যতম জনপ্রিয় চিত্রতারকাকে অভ্যর্থনা জানানোর জন্য তোড়জোড় শুরু হয়েছে জোরকদমে।

অপরদিকে, সলমন খানের টিমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মে মাসে বঙ্গ সফরে আসছেন ভাইজান। শহরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তার মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠান। পাশাপাশি সাক্ষাৎ করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। সলমন ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, সোমবার ক্লাব তাঁবু পরিদর্শনে আসছে সলমনের টিম। তাঁদের রিপোর্টের উপর ভিত্তি করেই ঠিক হবে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে বলিউড সুপার স্টারের কর্মসূচি। তবে জানা যাচ্ছে, ক্লাবের ঐতিহ্যশালী মাঠ, নব নির্মিত সুসজ্জিত ক্লাব তাঁবু ও লাইব্রেরীও ঘুরে দেখবেন তিনি। দেশ-বিদেশের পাশাপাশি এরাজ্যেও অভিনেতার অনুরাগীর সংখ্যা কম নেই। কিন্তু সম্প্রতি এক জঙ্গি সংগঠন প্রাণনাশের হুমকি দেওয়ায় তাঁর নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন    মুকুটহীন সম্রাট পলি উমরিগড়

সব কিছু ঠিকঠাক থাকলে শাহরুখ, অক্ষয়ের পর এবার সলমন খানকেও দেখা যাবে লাল হলুদ উত্তরীয়তে। সলমনের অনুষ্ঠানের দিন ক্লাব তাঁবুতে আরও কয়েকজন চিত্র তারকাকে আনার চেষ্টা করছেন ক্লাব কর্তারা। সব মিলিয়ে একদিকে আইএসএলে টানা ব্যর্থতা, কোচ বদল এবং পড়শী ক্লাবের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার যন্ত্রণা, অপরদিকে সমর্থকদের বাড়তে থাকা বিক্ষোভ সামাল দিতে লাল হলুদ কর্মকর্তাদের ভরসা এখন ভাইজান।

About Post Author