সময় কলকাতা ডেস্ক,৪ এপ্রিলঃ বহুদিন পর চিপকের গ্যালারিতে হলুদ ঝড়। কোভিড বিধির কারণে এই স্টেডিয়ামে গত কয়েক মরশুমে আইপিএলের কোনও ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ফলে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখা থেকে বঞ্চিত থেকেছেন সমর্থকরা। কিন্তু এবার টুর্নামেন্টে হোম আওয়ে ফরম্যাট ফেরায় চরম স্বস্তিতে চেন্নাইয়ের সমর্থকরা। অনেকদিন পর রবিবারের সন্ধ্যে চিন্নাস্বামী দেখেছে বিরাট ম্যাজিক। আর এদিন চিপকে বহুদিন পর দেখল মাহির ম্যাজিক। বহুদিন পর বিরাটের সাবলীল ব্যাটে ভর করে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইকে হারিয়েছে আরসিবি।

এবারের আইপিএলে শুরু থেকেই ক্রিকেট মহলে জল্পনা চলছে, এটাই হয়ত ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল মরশুম। তাই মাহি সমর্থকদের মধ্যে শেষ বারের মত নিজের প্রিয় ক্রিকেটারের খেলা দেখার জন্য একটু বাড়তি উচ্ছ্বাস রয়েছেই। এদিন শেষ পাঁচ বল বাকি থাকতে মাঠে নামলেন চেন্নাইকে চার বার আইপিএল জেতানো অধিনায়ক। গ্যালারিতে অপেক্ষারত সমর্থকদের ‘মাহি মাহি’ ধ্বনিতে অনেকদিন পর কল্লোলিত হল চিপক।
আরও পড়ুন মাহির চিপকে হলুদ ঝড়, রাহুলের লখনউকে হারাল মাহির চেন্নাই

আইপিএলের সফলতম অধিনায়কও নিরাশ করলেন না। ক্রিস উডের প্রথম বলই স্কোয়ার কাটে মাঠের বাইরে পাঠালেন। আর বল মাঠের বাইরে যেতেই সমস্ত মোবাইলের ফ্লাশ লাইট জ্বলে উঠল। পরের বলটিও মাঠের বাইরে পাঠালেন, তবে এবার পুল শটে। এই ছয়ের সঙ্গে আইপিএলে নিজের পাঁচ হাজার রান পূরণ করলেন ধোনি। পঞ্চম ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি। তবে বাকিদের থেকে তিনি তফাতে থাকবেনই। মিডল অর্ডারে নামা প্রথম ভারতীয় হিসেবে এই মাইলফলক ছুঁলেন মাহি। যদিও এদিন সমর্থকদের আক্ষেপ তিনি কেন আগে নামলেন না। এরপর যদিও ধোনির ইনিংস দীর্ঘায়িত হয়নি। ৩ বলে ১২ রান করে ফিরতে হল ধোনিকে।


More Stories
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ
ঈশান কিষানের পরাক্রমে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল
আবার বারাসাতে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল