স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ এপ্রিল: ইস্টবেঙ্গল কোচ হয়ে সের্জিও লোবেরাই আসছেন অর্থাৎ আন্তোনিও লোপেজ হাবাস বা জোসেফ গাম্বাউ নন।ক্লাবের বিশ্বস্ত সূত্রে খবর ইস্টবেঙ্গল কোচের পদে এই মুহূর্তে প্রায় পাকা বার্সেলোনা যুব দলের প্রাক্তন কোচ সের্জিও লোবেরা। আইএসএলেও অত্যন্ত ভালো তাঁর সাকসেস রেট এবং তাঁর কোচিং সমৃদ্ধ মুম্বাই সিটি এফ সি। লোবেরা যে কোচ হচ্ছেন তা একরকম পাকা, অফিসিয়াল ঘোষণা হতেই যা বাকি।

কী জাদুকাঠিতে লোবেরা বদলাবেন ইস্টবেঙ্গলকে? আইএসএলে অংশগ্রহণ করার পর থেকে সময়টা খুব খারাপ যাচ্ছে একদা ভারতীয় ফুটবলের অন্যতম সফল ক্লাব ইস্টবেঙ্গলের। দীর্ঘদিন ক্লাব তাঁবুতে ট্রফির দেখা নেই। তিন বছর হয়ে গেল ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের লিগ আইএসএলে অংশ গ্রহণ করে দুরবস্থা চরমে উঠেছে । কাঙ্ক্ষিত ট্রফির সন্ধান পাওয়া তো দূরের কথা, তিন বছরই আইএসএলে করতে হয়েছে একদম নিচের সারিতে থেকে। শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ক্লাব সদস্য থেকে সমর্থকরা। ভারতের প্রাক্তন জাতীয় কোচ কনস্ট্যানটাইনও সুবিধে করতে পারেন নি। আরেক প্রাক্তন কোচ ববি ফাউলার একধাপ এগিয়ে বলেছেন ইস্টবেঙ্গলের কোচিং করানোর চেয়ে কারাবাস তাঁর কাছে শ্রেয়। এমতাবস্থায় দায়িত্ব পেয়ে কোন ম্যাজিকে ইস্টবেঙ্গলকে আমূল বদলে ফেলবেন লোবেরা?

শেষ মুহূর্তে দলগঠন থেকে কোচ-ফুটবলারদের মান সব কিছু নিয়ে ক্লাব কর্মকর্তা থেকে বিনিয়োগকারী সংস্থাকে পড়তে হয়েছে প্রশ্নের মুখে। এবার দলের মানোন্নয়নে উদ্যোগী ক্লাব কর্তৃপক্ষ। অন্যবারের চেয়ে সামান্য যেন বেশি মনোযোগ ক্লাব কর্তৃপক্ষ ও স্পনসর। কয়েকটি ধাপে তাঁরা একযোগে ইস্টবেঙ্গল দলের খোলনলচে বদলাতে চান।

আর এর প্রথম ধাপটি হতে চলেছে কোচ বদলের মধ্যে দিয়ে। গত মরশুমে ঘটা করে ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে নিযুক্ত করেন ক্লাব কর্তারা। কিন্তু দলের খেলায় কোনও পরিবর্তন হয়নি। গত মরশুমে হারতে হয়েছে এক ডজন ম্যাচ। যা ইস্টবেঙ্গলের ইতিহাসে প্রথমবার। এই পরিস্থিতিতে কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে যে রাখবেনা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তা নিশ্চিত। শেষ কিছুদিন ধরেই তাঁর বদলি হিসেবে উঠে আসছিল বেশ কয়েকটি নাম। তাঁদের মধ্যে রয়েছে আইএসএলে সাফল্য পাওয়া অভিজ্ঞ কোচেরাও। এই তালিকায় নাম উঠে আসে এটিকের প্রাক্তন আইএসএল জয়ী কোচ লোপেজ হাবাস, সেরজিও লোবেরা, গাম্বাউ- সহ বেশ কিছু নামী কোচের।

শোনা গিয়েছিল, ওড়িশা এফসির প্রাক্তন কোচ জোসেফ গাম্বাউয়ের সঙ্গে কথা বার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে লাল হলুদ কর্তাদের। এরপরই প্রশ্ন ওঠে গাম্বাউয়ের অতীত রেকর্ড নিয়ে। অতীতে একাধিকবার নিজের দলের ফুটবলারের সঙ্গে বিতন্ডায় জড়িয়েছেন এই স্প্যানিশ কোচ। এরপরই নাকি স্প্যানিশ কোচে মোহভঙ্গ হয় ক্লাব কর্তাদের। এরপরই দৌড়ে উঠে আসে সার্জিও লোবেরার নাম।

ক্লাব সূত্র মারফত জানা গিয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের হট সিটে বসার দৌড়ে এখন এগিয়ে সেই সার্জিও লোবেরাই। ২০২০-২১ মরশুমে মুম্বই সিটি এফসিকে লিগ শিল্ড ও আইএসএল চ্যাম্পিয়ন করানোর পিছনে বড় ভূমিকা ছিল কোচ লোবেরার। এফসি গোয়ার হয়েও ট্রফি জিতেছেন। ২০১৮-১৯ এফসি গোয়াকে সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিলেন বার্সেলোনার যুব দলে কোচিং করানো লোবেরা। প্রত্যাশা অনেক। খেলার স্টাইল নাকি বদলে দেন পেপ গার্দিওয়ালার অনুগামী।

সবমিলিয়ে লোবেরাকে মনে ধরেছে ক্লাব কর্তাদের। লোবেরার সঙ্গে ইস্টবেঙ্গলের কথা ইতিমধ্যে চূড়ান্ত হওয়ার দাবি করা কর্মকর্তারা এবার স্পনসরদের সাথে হাতে হাত মিলিয়ে মনোযোগ দিতে চান ভালো দেশি ও বিদেশি ফুটবলার চয়নে। কারণ কোচ তো আর মাঠে নেমে ফুটবল খেলবেন না! ভালো প্লেয়ার চয়ন হলেই যে লোবেরার স্টাইল ফলপ্রসূ হতে পারে , তা বেশ ভালো করেই জানে ক্লাব ম্যানেজমেন্ট । গত মরশুমে একমাত্র সফল মহেশ -ক্লেটন জুটি বারবার ম্যাচ জেতাতে পারবে না- তাও তাঁরা জানেন। তাই আরও কিছু ভালো ফুটবলার তাঁরা তুলে দিতে চান লোবেরার হাতে। ।।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়