স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ এপ্রিল: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মহাদ্বৈরথ। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। বহুদিন পর ঘরের মাঠে মাঠে নামে কেকেআর। আর এই ম্যাচকে কেন্দ্র করে ফের স্ব মহিমায় পাওয়া গেল ক্রিকেটের নন্দন কাননকে। কিন্তু এই ম্যাচের আগে পর্যন্ত এই দুই দল কত বার মুখোমুখি হয়েছিল? কোন দলের পক্ষেই বা বেশি ম্যাচ জেতার রেকর্ড?

বৃহস্পতিবার ম্যাচের আগে। আইপিএলে এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে মোট ৩০ বার। এর মধ্যে পাল্লা ভারি কলকাতার পক্ষে মোট ১৬ টি ম্যাচ জিতেছে কেকেআর। আর ১৪ টি ম্যাচ জিতেছে আরসিবি। এর মধ্যে প্রথমে ব্যাট করে কলকাতা জিতেছে ৭ টি ম্যাচ আর ব্যাঙ্গালোর জিতেছে ৩ টি ম্যাচ। কলকাতার বিরুদ্ধে ব্যাঙ্গালোরের এক ইনিংসে সর্বোচ্চ রান ২১৩ আর সর্বনিম্ন রান ৪৯। অপরদিকে, নাইটদের আরসিবির বিরুদ্ধে এক ইনিংসে সর্বোচ্চ রান ২২২ ও সর্বনিম্ন রান ৮৪। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতার এক ইনিংসে গড় ১৫৪.৭। আর ব্যাঙ্গালোরের গড় রান ১৪৮.৭। ইডেন গার্ডেনে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১০ বার। এর মধ্যেও পাল্লা কলকাতার। ইডেনে মোট ৬ বার জিতেছে নাইটরা। ব্যাঙ্গালোর জিতেছে ৪ বার। শেষ বার কলকাতায় এই দুই দলের সাক্ষাতে যদিও শেষ হাসি হাসে ব্যাঙ্গালোর। সেই ম্যাচে বিরাটের অনবদ্য সেঞ্চুরির সাক্ষী ছিল কানায় কানায় পরিপুর্ণ ইডেন। এই দুই দলের শেষ ৫ টি সাক্ষাতে যদিও বেশ কিছুটা ব্যাকফুটে কেকেআর শিবির। শেষ পাঁচ সাক্ষাতে কলকাতা জিতেছে মাত্র দুটি ম্যাচ।
এই দুই দলের সাক্ষাতে সব থেকে বেশি রান করেছেন বিরাট কোহলি। কোহলির সংগ্রহে ৭৮৬ রান। এরপরই রয়েছেন আরসিবির বর্তমান অধিনায়ক ডু প্লেসি। এই প্রোটিয়া ব্যাটারের প্রাপ্ত রান ৪৪৬। কলকাতার হয়ে আরসিবির বিরুদ্ধে সব থেকে বেশি রান করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রাসেল করেছেন ৩৯৫ রান।

এই দুই দলের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন নাইটদের ক্যারিবিয়ান মিস্ট্রি বোলার সুনীল নারিন। আরসিবির বিরুদ্ধে নারিন নিয়েছেন ২১ টি উইকেট। এরপর রয়েছেন ব্যাঙ্গালোরের করণ শর্মা। করণের প্রাপ্ত উইকেট ১৩। এরপর ১২ টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হার্শল প্যাটেল।


More Stories
হকিতে ভারতের মেয়েরা ১৯ গোল দিল পাকিস্তানকে
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ
ঈশান কিষানের পরাক্রমে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল